গাজীপুরে বিএনপির আরও ২৫ নেতাকর্মী গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈর, জয়দেবপুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।
শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগে গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় চলছে।
গত বৃহস্পতিবার রাতে জেলার কালিয়াকৈর, জয়দেবপুর, কালীগঞ্জ থানা এলাকা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানায় সংশ্লিষ্ট থানাগুলোর পুলিশ।
এর আগে ওইদিন সন্ধ্যায় শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকারের দত্তপাড়ার বাড়ির সামনে থেকে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করে টঙ্গী (পূর্ব) থানা পুলিশ।
পুলিশের ভাষ্য, নাশকতার পরিকল্পনা করার অভিযোগে তাদের আটক করা হয়।
থানা পুলিশ জানায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করছে এবং তা চলমান থাকবে।
যদিও বিএনপি বলছে, শনিবারের মহাসমাবেশ কেন্দ্র করে পুলিশ নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে। যাদের বাড়িতে পাওয়া যাচ্ছে, তাদেরই ধরে এনে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, “গত দুদিনে গাজীপুরের টঙ্গী, কালিয়াকৈর ও জয়দেবপুর এলাকা থেকে পুলিশ অন্তত অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করে। পরে তাদের পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানতে পেরেছি।”
তবে বিএনপির এমন দাবি অস্বীকার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, “আমাদের নিয়মিত অভিযানের কার্যক্রম হিসাবে ১৫ জনকে আটক করা হয়েছে। তারা পুরোনো মামলার পলাতক আসামি।”
জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন জানান, তার থানা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে।
কালীগঞ্জ থানার ওসি ফায়েজুর রহমান জানান, অভিযান চালিয়ে বিএনপি ছয় নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন।
আরও পড়ুন:
