১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

খাগড়াছড়িতে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির ৪ নেতাকর্মীকে পেটানোর অভিযোগ

আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 10:14 PM

Updated : 13 Nov 2026, 10:14 PM

খাগড়াছড়িতে বিএনপির চার নেতাকর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যায় জেলার আলুটিলা পুনর্বাসন পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. কায় কিসলু।

আহতরা হলেন- মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সজল, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত ত্রিপুরা, সদস্য প্রবীন্দ্র ত্রিপুরা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন ত্রিপুরা।

তাদের মধ্যে প্রবীন্দ্র ত্রিপুরা ও সুমন ত্রিপুরাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার অভিযোগ করে বলেন, বিএনপির কয়েকজন নেতাকর্মী পুনর্বাসন এলাকার একটি স্কুলের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের ৩০ থেকে ৪০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়।

ওসি মো. কায় কিসলু বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।