খাগড়াছড়িতে তক্ষক উদ্ধার করে বনে অবমুক্ত, আটক দুইজন
পুলিশ জানায়, কালো-ধূসর রঙের তক্ষকটির দৈর্ঘ্য প্রায় সাত ইঞ্চি।
খাগড়াছড়ি সদর উপজেলায় একটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাচারের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
রোববার রাত ১২টার দিকে উপজেলার নারানখাইয়া এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় তাদের আটক করা হয় বলে জানান সদর থানার এসআই মো. মহিদুল ইসলাম।
আটকরা হলেন- দীঘিনালা উপজেলার ছোট মেরুং এলাকার মোহাম্মদ আলী (৩২) ও বড় মেরুং এলাকার মো. মোতাক আহমদ (২৫)।
এসআই মহিদুল ইসলাম বলেন, একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করার সময় তাদের সঙ্গে থাকা গোলাপি রঙের একটি শপিং ব্যাগে তক্ষকটি পাওয়া যায়। কালো-ধূসর রঙের তক্ষকটির দৈর্ঘ্য প্রায় সাত ইঞ্চি। বিক্রির উদ্দেশ্যে তারা এটি নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৮৮(১) ধারায় মামলা হয়েছে। এসআই মহিদুল ইসলাম মামলাটির বাদী হয়েছেন।
খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, তক্ষক নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হয়। এসব গুজবে বিশ্বাস করে কেউ যেন প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। উদ্ধার করা তক্ষকটি পরে বনে ছেড়ে দেওয়া হয়েছে।
