গাজীপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে এসআই আহত, আটক ২
শাওন ধারাল অস্ত্র দিয়ে এসআই হানিফের পায়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে এক এসআই আহত হয়েছেন। এ সময় দুইজনকে আটক করা হয়; যারা চিহ্নিত ছিনতাইকারী বলে ভাষ্য পুলিশের।
মঙ্গলবার রাতে ৯টার দিকে টঙ্গীর খরতৈল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এস এম শফিকুল ইসলাম।
আহত এসআই হানিফ মাহমুদ ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন। তিনি টঙ্গী পশ্চিম থানার কর্মরত আছেন।
আটকরা হলেন- টঙ্গী পশ্চিম থানার সাতাইশ খরতৈল এলাকার কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে কাইল্লা শাওন (২৬) এবং তার সহযোগী সাগর (২৫)। তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ৯টার দিকে এসআই হানিফ মাহমুদের নেতৃত্বে খরতৈল এলাকা ছিনতাইবিরোধী অভিযানে যায় পুলিশ। এ সময় শাওন ও তার সহযোগী সাগরকে আটক করতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়।
এক পর্যায়ে শাওন ধারাল অস্ত্র দিয়ে এসআই হানিফের পায়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে আহত হয়েও শাওনকে আটক করেন এসআই হানিফ।
পরে অন্য পুলিশের সহযোগিতায় শাওন ও সাগরকে আটক করে থানা নিয়ে যাওয়া হয়। আহত এসআই হানিফকে স্থানীয়দের সহযোগিতায় একটি বেসরকারি হাসপাতাল নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
উপপুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, আহত পুলিশ কর্মকর্তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
