২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে প্রস্তুতি সভা থেকে ‘অর্ধশতাধিক’ বিএনপি নেতাকর্মী আটক

পুলিশের ভাষ্য, নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

Published : 26 Oct 2023, 11:05 PM

Updated : 26 Oct 2023, 11:05 PM

ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগে গাজীপুরের টঙ্গীতে প্রস্তুতিসভা থেকে দলটির নেতা-কর্মীদের আটকের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকারের দত্তপাড়ার বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয় বলে টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।

পুলিশের ভাষ্য, নাশকতার পরিকল্পনা করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তবে আটকের সংখ্যা ও তাদের নাম-পরিচয় জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

বিএনপি নেতা সালাহ উদ্দিন বলেন, “ঢাকায় মহাসমাবেশ সফল করতে নেতা-কর্মীদের সঙ্গে ঘরোয়া আলোচনায় বসেছিলাম। সভা চলাকালে বিপুল সংখ্যক পুলিশ বাড়ি ঘেরাও করে।

“পরে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেনসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে পুলিশ। আমাকেও গাড়িতে উঠানো হলে পরে অসুস্থতার কারণে নামিয়ে দেয়।”

গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, “বুধবার মধ্যরাতে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের কাশিমপুরের বাড়ি ঘেরাও করে পুলিশ। পরে পুলিশ বাড়িতে ঢুকে তল্লাশি চালায়। তবে তিনি বাড়িতে ছিলেন না।”

টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মেহেদী হাসান দিপু বলেন, “নাশকতার পরিকল্পনা করার অভিযোগে বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এখনও অভিযান অব্যাহত রয়েছে।”

আটকের প্রকৃত সংখ্যা পরে জানানো হবে জানিয়েছেন ওসি মোস্তাফিজুর।