আয়বহির্ভূত সম্পদ: কুসিকের প্রকৌশলী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
তাদের বিরুদ্ধে ৯৮ লাখ ৮৫ হাজার ৯৭৩ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।
প্রায় কোটি টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের এক সহকারী প্রকৌশলী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার বিকালে দুদক সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লার সহকারী পরিচালক মাসুম আলী বাদী হয়ে মামলাটি করেছেন বলে রাতে জানিয়েছেন উপ-পরিচালক ফজলুল হক।
মামলায় অভিযুক্তরা হলেন- কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সহকারী প্রকৌশলী মো. আব্দুস সালাম (৪১)। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার আনন্দসার গ্রামের আব্দুল মুমিনের ছেলে। অপর অভিযুক্ত হলেন স্ত্রী খালেদা আক্তার বিউটি (৩৬)।
তাদের বিরুদ্ধে ৯৮ লাখ ৮৫ হাজার ৯৭৩ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবদুস সালাম ২০০৬ সালের ৩০ মার্চ নকশাকার হিসেবে কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভায় যোগদান করেন। ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলে তিনি নকশাকার ও উপসহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
পরে ২০১৬ সালের সেপ্টেম্বর করপোরেশনের সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি তিনি একই অফিসে নগর পরিকল্পনাবিদ (ভারপ্রাপ্ত) হিসেবেও দায়িত্ব পালন করেন।
তার স্ত্রী আসামি খালেদা আক্তার বিউটি ২০০৫ সালে এসএসসি পাশ করেন এবং পরবর্তীতে আর পড়াশোনা করেননি। তিনি একজন গৃহিণী।
তবে দুদকের অনুসন্ধানকালে খালেদা আক্তার বিউটির নামে এক কোটি ১৭ লাখ ৬৬ হাজার ৪২৫ টাকার স্থাবর সম্পদ এবং ২৫ লাখ ৯২ হাজার ৬৮ টাকার অস্থাবর সম্পদ অর্জন করার তথ্য পাওয়া যায়।
আয়কর নথিতে তার প্রদর্শিত পারিবারিক ব্যয় পাওয়া যায় ৯ লাখ ১১ হাজার টাকা। অর্থাৎ ব্যয়সহ তার অর্জিত মোট অর্থ-সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৫২ লাখ ৬৯হাজার ৪৯৩ টাকা।
অনুসন্ধানে প্রাপ্ত তথ্যানুযায়ী এই অর্থ-সম্পদ অর্জনের বিপরীতে তার মোট বৈধ/জ্ঞাত আয় পাওয়া যায় ৫৩ লাখ ৮৩ হাজার ৫২০ টাকা।
অর্থাৎ অনুসন্ধানকালে তার নামে অর্জিত সম্পদের চেয়ে তার জ্ঞাত আয়ের উৎস ৯৮ লাখ ৮৫ হাজার ৯৭৩ টাকা কম পাওয়া যায়। যা জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ।
খালেদা আক্তার বিউটি পোল্ট্রি ফার্মের ব্যবসা ও মৌসুমি মালের ব্যবসা করেন বলে দাবি করলেও মৌসুমি ফলের ব্যবসার কোনো প্রমাণাদি তথা মালামাল ক্রয়-বিক্রয়ের কোনো রেকর্ডপত্র/ভাউচার বা টাকা-পয়সা লেনদেনের কোনো হিসাবপত্র/খাতাপত্র, স্টক রেজিস্টার, ক্যাশবই ইত্যাদির কোনো রেকর্ডপত্র দেখাতে পারেননি তারা।
মামলার এজাহারে বলা হয়, আব্দুস সালাম তার অবৈধ আয় দ্বারা তার স্ত্রী খালেদা আক্তার বিউটির নামে সম্পদ অর্জন করেছেন বলে অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে। তিনি তার অবৈধ আয়কে বৈধ হিসেবে দেখানোর জন্য স্ত্রীর নামে বিভিন্ন কাঁচামালের ব্যবসা দেখিয়েছেন। যার কোনো প্রমাণাদি দাখিল করতে পারেননি তিনি।
এজাহারে আরও বলা হয়, আসামি আবদুস সালাম ও তার স্ত্রী একে অপরের সহায়তায় অসৎ উদ্দেশ্যে ৯৮ লাখ ৮৫ হাজার ৯৭৩ টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন করে এবং ভোগদখলে রেখে তারা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা দণ্ডবিধির ১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ প্রমাণিত হওয়ায় উভয়ের বিরুদ্ধে মামলা হয়েছে।
তবে তদন্তকালে তাদের জ্ঞাত-আয় বহির্ভূত আরও সম্পদ পাওয়া গেলে তা মামলায় অর্ন্তভুক্ত করা হবে।
বুধবার রাতে এসব অভিযোগ প্রসঙ্গে সহকারী প্রকৌশলী মো. আবদুস সালামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
