ছাত্রলীগের সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে মামলা করবে দুদক
সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফার্মার্স ব্যাংকের সাবেক পরিচালক সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম সোমবার সাংবাদিকদের একথা জানিয়েছেন।
তিনি বলেন, অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সৌরভ দাশের জমা দেওয়া প্রতিবেদন ও অন্যান্য নথি পর্যালোচনা করে নাজমুল আলমের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হবে।
এ আইনের ২৬(২) ধারায় সম্পদের বিবরণী জমা না দেওয়া বা মিথ্যা তথ্য দেওয়ার শাস্তির বিধান রয়েছে। আর ২৭(১) ধারায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধ ও শাস্তির কথা বলা হয়েছে।
নাজমুল আলম ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রলীগের নেতৃত্বে থাকার সময় তার বিরুদ্ধে অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে।
তিনি ফার্মার্স ব্যাংকের পরিচালকও ছিলেন। ব্যাংকটি পরে পদ্মা ব্যাংক নামে কার্যক্রম শুরু করে।
গত ৫ অক্টোবর নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেয় আদালত। ওই আবেদনে বলা হয়, নাজমুল আলমের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে তা নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে এনে বৈধতা দেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে।
এ ছাড়া বিদেশে অর্থপাচার করে সম্পদ অর্জনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগও অনুসন্ধানে নেমেছিল দুদক।
