চুয়াডাঙ্গায় হাসপাতালে আয়া হত্যা: স্বামী গ্রেপ্তার
পুলিশ জানায়, হাফিজার বাবা বাদী হয়ে কবিরকে একমাত্র আসামি করে থানায় হত্যা মামলা করেন।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বেসরকারি হাসপাতালের এক আয়াকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন আল আজাদ জানান, শনিবার রাতে জীবননগর বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি পরিবহন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কবির হোসেন উপজেলার বালিহুদা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় টাইলস মিস্ত্রী।
অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন বলেন, শনিবার রাত পৌনে ৯টার দিকে নিজের কর্মস্থল ‘মা নার্সিং হোমের’ আয়া হাফিজা খাতুনকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনার পর পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়।
তিনি বলেন, “রাতেই নিহতের বাবা শমসের আলী বাদী হয়ে কবির হোসেনকে একমাত্র আসামি করে জীবননগর থানায় হত্যা মামলা করেন।
“এরপর রাত সোয়া ১১টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড এলাকা ঢাকাগামী একটি পরিবহন থেকে হাফিজার স্বামী কবিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে রক্তমাখা ধারালো ছুরি উদ্ধার করা হয়।”
জীবননগর থানার ওসি এস এম জাবিদ হাসান বলেন, গ্রেপ্তার কবিরকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়। জীবননগর আমলি আদালতের বিচারক জহুরা খাতুন কাছে স্বীকারোক্তি দেন কবির। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
