বরগুনায় ৪ হাজার ৭০০ ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
এ ঘটনায় গ্রেপ্তারদের মেয়ের জামাই পলাতক রয়েছেন।
বরগুনার আমতলী উপজেলার এক বাড়ি থেকে চার হাজার ৭০০টি ইয়াবাসহ স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তবে কৌশলে পালিয়ে যান তাদের মেয়ের জামাই।
মঙ্গলবার ভোরে উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী সাবিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।
গ্রেপ্তাররা হলেন- মোসা. কহিনুর (৪০) ও তার স্বামী মো. সেলিম প্যাদা (৫৫)। পলাতক রয়েছেন তাদের মেয়ের জামাই মো. সবুজ মৃধা (৩২)।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন বলেন, গোপন খবর পেয়ে ডিবির একটি দল সাবিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেলিম প্যাদা ও তার স্ত্রীকে আটক করা হয়। তবে তাদের জামাতা কৌশলে পালিয়ে যান।
পরে কহিনুরকে তল্লাশি করে তার পোশাকের ভেতর থেকে ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির রান্নাঘরে লুকিয়ে রাখা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় আরও চার হাজার ৫০০টি ইয়াবা পাওয়া যায়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্যাকেটিং সরঞ্জামাদিও জব্দ করা হয়।
জব্দ করা চার হাজার ৭০০টি ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা বলে জানায় গোয়েন্দা পুলিশ।
বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা বলেন, জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের ছদ্মবেশে বা পারিবারিক সম্পর্কের আড়ালে যারা মাদকের কারবার চালিয়ে যাচ্ছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, গ্রেপ্তার ও পলাতকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক সবুজ মৃধাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
