১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করা সেই যুবকসহ গ্রেপ্তার ৪

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তাদের শনাক্ত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 05:40 PM

Updated : 12 Nov 2026, 05:40 PM

কক্সবাজারের উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করা সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে থেকে দুটি অস্ত্র, ৪১ রাউন্ড গুলি ও একটি বন্দুকের ব্যারেল উদ্ধার করা হয়েছে।

বুধবার গভীর রাতে মিয়ানমার সীমান্তসংলগ্ন পালংখালী ইউনিয়নের বটতলী বাজারের আশপাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান উখিয়া থানার ওসি আতিকুর রহমান।

পিস্তল উঁচিয়ে গুলি করা যুবককে নাম সাখাওয়াত হোসেন মুন্না।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন- মিজানুর রহমান, আরাফাত হোসেন ও আবু তাহের। তাদের মধ্যে মুন্না তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত।

ওসি বলেন, বুধবার বিকালে মাদক ব্যবসা ও বটতলী এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে গোলাগুলি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অস্ত্রধারী মুন্নাকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

পুলিশ জানায়, এ ঘটনায় অস্ত্র আইনে ও দ্রুত বিচার আইনে পৃথক দুটি মামলা হয়েছে। চারজনকে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবক বন্দুক উঁচিয়ে গুলি ছুড়ছেন। তার পাশে আরও দুজনকে কিরিচ হাতে দেখা যায়। গুলির শব্দে বাজারের লোকজন আতঙ্কে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে চলে যান।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, ইউপি সদস্য নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন ও পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজের মধ্যে বিরোধ রয়েছে। জয়নালের ভাগনে মুন্না ওই বিরোধের জেরে ফয়েজকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে তাদের দাবি। আগামী ইউপি নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে দুজনই সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

অভিযোগের বিষয়ে আবুল ফয়েজ বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ায় তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও জয়নাল আবেদীনের ফোন বন্ধ পাওয়া গেছে।

ঘটনার পর ফেইসবুক লাইভে তিনি দাবি করেন, ষড়যন্ত্র করে এ ঘটনায় তার নাম জড়ানো হচ্ছে। গোলাগুলির সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২১ সালের নভেম্বরে সাড়ে তিন লাখ ইয়াবাসহ মুন্নাকে গ্রেপ্তার করেছিল তৎকালীন র‍্যাব। তার বিরুদ্ধে মাদক ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।