২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার ৫ আসনেই ভাসল নৌকা

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান তার কার্যালয়ে রোববার রাতে এ ফল ঘোষণা করেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2024, 11:31 AM

Updated : 08 Jan 2024, 11:31 AM

দ্বাদশ সংসদ নির্বাচনে পাবনার পাঁচ আসনের মধ্যে সবগুলোতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।

ভোট গণনা শেষে পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান তার কার্যালয়ে রোববার রাতে এ ফল ঘোষণা করেন।

দিনভর ভোট শেষে পাঁচ আসনের জয়ীরা হলেন- পাবনা-১ আসনের শামসুল হক টুকু, পাবনা-২ আসনের আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ থেকে মকবুল হোসেন, পাবনা-৪ এর গালিবুর রহমান শরীফ এবং গোলাম ফারুক প্রিন্স জয় পেয়েছেন পাবনা-৫ আসন থেকে।

পাঁচটির মধ্যে তিনটি আসনে দ্বিতীয় অবস্থানে আছে স্বতন্ত্র প্রার্থী; আর বাকি দুটির একটিতে ওয়ার্কার্স পার্টি এবং আরেকটিতে বিএনএম’র প্রার্থী।

পাবনা-১, ৩ ও ৪ এই তিন আসনে নৌকার বিপরীতে ছিল স্বতন্ত্র। এখানে আওয়ামী লীগকে আসন ধরে রাখতে যেতে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে। এছাড়া পাবনা-২ এবং সদর-৫ আসনে সহজেই জয় পেয়েছে নৌকা।

পাবনা-১ আসনে (সাথিয়া-বেড়ার একাংশ) আওয়ামী লীগ প্রার্থী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ৯৩ হাজার ২৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন; তার নিটকতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ ৭২ হাজার ৩৮৭ ভোট।

ভোটের আগে নির্বাচনি প্রচারে বাধা, হামলা ও পাল্টাপাল্টি মামলায় উত্তপ্ত হয়ে উঠেছিল পাবনার এই নির্বাচনি আসনটি।

পাবনা-২ আসনের (সুজানগর-বেড়ার একাংশ) নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির জিতেছেন বিশাল ব্যবধানে। ১ লাখ ৬৫ হাজার ৮৪২ ভোট পেয়ে জয় পেয়েছেন কবির; বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম মনোনীত প্রার্থী নব্বই দশকের কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী পেয়েছেন ৪ হাজার ৩৮২ ভোট।

পাবনা-৩ আসনে (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) ১ লাখ ১৯ হাজার ৪৭১ ভোট পেয়ে নৌকার মকবুল হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ ট্রাক প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫৯ ভোট।

পাবনা-৪ আসন (আটঘরিয়া-ঈশ্বরদী) আওয়ামী লীগের গালিবুর রহমান শরীফ ১ লাখ ৬৭হাজার ৪৪৩ ভোট পেয়ে এই নির্বাচনে জয়ী হয়েছেন। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬২ ভোট।

পাবনা-৫ আসনে (পাবনা সদর) সবকটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক প্রিন্স; তার ঝুলিতে গেছে ১ লাখ ৫৭হাজার ২৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির জাকির হোসেন হাতুড়ি মার্কা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩১৬ ভোট।

আরও পড়ুন

পুরনো খবর:

‘হুমকি পাচ্ছেন’ ডলি সায়ন্তনী, চান সার্বক্ষণিক নিরাপত্তা
পাবনায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারে আবারও হামলা, পুলিশ বলছে ‘তেমন ঘটনা ঘটেনি’
পাবনায় স্বতন্ত্রের গাড়িবহরে হামলা-ভাঙচুর, অভিযোগ নৌকার বিরুদ্ধে
পাবনার স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদের প্রচারে ‘বাধা’, অভিযোগ নৌকার বিরুদ্ধে
পাবনা-১: টুকু-সাইয়িদের পাল্টাপাল্টি মামলায় ভোটে উত্তাপ