১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘হুমকি পাচ্ছেন’ ডলি সায়ন্তনী, চান সার্বক্ষণিক নিরাপত্তা

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে ডলি সায়ন্তনী সাংবাদিকদের বলেন, “মোবাইলে ফোন করে ও ম্যাসেজ পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে। সোমবার প্রতীক বরাদ্দের পরও হুমকি পেয়েছি।”

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 04:06 PM

Updated : 19 Dec 2023, 03:22 PM

পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম মনোনীত প্রার্থী সংগীতশিল্পী ডলি সায়ন্তনীকে নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন।

সোমবার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামানকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে সার্বক্ষণিক নিরপত্তা চেয়ে আবেদন করেছেন তিনি।

চিঠিতে বলা হয়েছে, তিনি একজন পেশাদার কণ্ঠশিল্পী। দেশ তথা সারা বিশ্বে তার জনপ্রিয়তা রয়েছে। অনেক সময় ভক্তরা আবেগতারিত হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। পাশাপাশি নির্বাচন বন্ধ করা নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র রয়েছে। বিএনপি-জামায়াতসহ নানা গোষ্ঠী নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা করছে।

তিনি প্রার্থী হওয়ায় এরই মধ্যে বিভিন্নভাবে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। তাই তিনি নিজের নিরাপত্তা ও রাষ্ট্রের মহান উদ্যোগকে ফলপ্রসূ করতে সহযোগিতা কামনা করছেন। সার্বক্ষণিক অস্ত্রধারী নিরাপত্তা রক্ষীর আবেদন করছেন।

পুরানো খবর:

বিএনএমে যোগ দিয়ে ভোটের মঞ্চে ডলি সায়ন্তনী

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে ডলি সায়ন্তনী সাংবাদিকদের বলেন, “নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর থেকেই বিভিন্ন হুমকি পাচ্ছি। মোবাইলে ফোন করে ও ম্যাসেজ পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে। সোমবার প্রতীক বরাদ্দের পরও হুমকি পেয়েছি।

“নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে আমাকে নির্বাচনের মাঠে যেতে নিষেধ করা হচ্ছে। তাই নিরাপত্তা চেয়েছি। আশা করছি, নিরাপত্তা পাব।”

এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, “আমরা প্রার্থীর আবেদন পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে পাবনা থেকে লড়তে বিএনএমে যোগ দিয়ে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন ডলি সায়ন্তনী। এরপর ২৯ নভেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাবনা-২ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

তবে ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ক্রেডিট কার্ড-সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান তিনি।

মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রত্যাহার পর্ব শেষে দ্বাদশ সংসদ নির্বাচন গড়াল মাঠের লড়াইয়ে। সোমবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বুঝে নিয়ে প্রার্থীরা নামবেন আনুষ্ঠানিক প্রচারে।

বিএনএম মনোনীত প্রার্থী ডলি সায়ন্তনী পেয়েছেন নোঙর প্রতীক। পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে সকালে তাকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

সুজানগর-বেড়ার একাংশ নিয়ে গঠিত পাবনা-২ আসনে আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আহম্মেদ ফিরোজ কবির।

আরও পড়ুন:

পুরানো খবর:

ঋণ খেলাপি: ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল