১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের পর তুসুকা গ্রুপের ৬ কারখানায় ছুটি

কারখানার ভেতরে কাজের সুষ্ঠু পরিবেশ না থাকার কারণ দেখিয়ে তিন দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের পর তুসুকা গ্রুপের ৬ কারখানায় ছুটি
গাজীপুর নগরের কোনাবাড়ী এলাকার তুসুকা গ্রুপের একটি কারখানা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2025, 03:05 PM

Updated : 26 Aug 2026, 12:33 PM

শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুর নগরের কোনাবাড়ী এলাকার তুসুকা গ্রুপের ছয়টি কারখানায় তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কারখানার ভেতরে কাজের সুষ্ঠু পরিবেশ না থাকার কারণ দেখিয়ে কর্তৃপক্ষ রোববার ছয়টি প্রতিষ্ঠানের গেইটে ছুটির নোটিস ঝুলিয়ে দেয় বলে জানান গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার এ কে এম জহিরুল ইসলাম।

ছুটি হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, তুসুকা জিন্স লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিমিটেড, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড এবং তুসুকা প্যাকেজিং লিমিটেড।

নোটিসে কারখানা কর্তৃপক্ষ বলেছে, ওই ছয় প্রতিষ্ঠানের সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারখানার ভেতরে সুষ্ঠু কর্মপরিবেশ না থাকার কারণে ২১ এপ্রিল সোমবার থেকে ২৩ এপ্রিল বুধবার পর্যন্ত তিন দিন কারখানার সব কার্যক্রম সাধারণ ছুটি হিসেবে বন্ধ থাকবে।

এর আগে শনিবার থেকে কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। দাবি পূরণ না হলে লাগাতার বিক্ষোভ ও কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। 

তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও তারা আন্দোলন করছেন। শ্রমিকরা বহিরাগতদের ইন্ধনে এ আন্দোলন করছেন বলে অভিযোগ কারখানা কর্তৃপক্ষের।

তুসুকা গ্রুপের পরিচালক মো. তারেক হাসান বলেন, “শ্রমিকদের যে দাবি-দাওয়া ছিল, তা পুরোপুরি মেনে নিয়ে নোটিস দিয়েছিলাম। আমরা কোনো শ্রমিক ছাঁটাই করি নাই। শ্রম আইন অনুযায়ী সবকিছু করা হয়ে থাকে। 

“শ্রমিকদের এই দাবির পেছনে বহিরাগতদের ইন্ধন রয়েছে। এমন পরিস্থিতিতে কারখানার ভেতরে কাজের সুষ্ঠু পরিবেশ না থাকায় তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।”

পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, “শনিবার কারখানা কর্তৃপক্ষের কাছে কিছু দাবি তুলেছিলেন শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ তা পূরণ করলেও রোববার শ্রমিকরা আবার নতুন কিছু দাবি জানান; যা নাকচ করা হয়। 

এ পরিস্থিতিতে শ্রমিকরা বিক্ষোভ করলে কারখানায় ভাঙচুর বা ক্ষতি হতে পারে, এমন আশঙ্কায় কর্তৃপক্ষ তিন দিনের ছুটি দিয়েছে বলে জানান তিনি।