১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএনএমে যোগ দিয়ে ভোটের মঞ্চে ডলি সায়ন্তনী

“আমাদের শোবিজ ইন্ডাস্ট্রির তো অনেকেই রাজনীতিতে যোগ দিয়েছে। ভেবে দেখলাম, একটা ভালো অফার,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2023, 12:25 PM

Updated : 28 Nov 2023, 01:35 PM

নতুন দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী; আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে পাবনা থেকে লড়তে চান তিনি।

ঢাকার গুলশানে বিএনএম এর কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার যোগদানের আনুষ্ঠানিকতা সারলেও ডলি সায়ন্তনী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন একদিন আগেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় ছিলাম না। কখনোই রাজনীতি করিনি। রাজনীতিতে নতুন।”

দল হিসেবে বিএনএমকে বেছে নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, “বিএনএম আমাকে অফার করল। আমাদের শোবিজ ইন্ডাস্ট্রির তো অনেকেই রাজনীতিতে যোগ দিয়েছে। ভেবে দেখলাম, একটা ভালো অফার যখন বিএনএম আমাকে দিয়েছে, তাহলে না কেন? এজন্য বিএনএম-এ যোগ দিয়েছি।”

জন্মস্থান পাবনা-২ আসন থেকে জাতীয়তাবাদী দলটির হয়ে ভোটে দাঁড়াতে চান এই শিল্পী। সেজন্য রোববার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর সোমবার বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর এবং মহাসচিব মো. শাহ্জাহানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

ডলি সায়ন্তনী বলেন, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত– এমন কথা বাজারে থাকলেও, বিষয়টি ‘একদমই ঠিক না’।

Image

বিএনএম-এ যোগ দিয়েছেন ডলি সায়ন্তনী।

“এই আলোচনাটা কেন হয়, আমি জানি না। আমি কখনোই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। এই প্রথম কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলাম। গত পরশু (রোববার) আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমার জন্মস্থান পাবনা ২ আসন থেকে বিএনএম এর হয়ে নির্বাচন করব।”

২০২১ সালে রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু হয় বিএনএম এর। দুই বছর পর গত অগাস্টে বিএনএম এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নামে আরেকটি দল নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। এই দল দুটিকে নিয়ে ইসির নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪টিতে।

নিবন্ধন পাওয়ার পরই দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ এবং ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়েছিলেন বিএনএম এর আহ্ববায়ক অধ্যাপক আব্দুর রহমান খোকন।

বিএনএম এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর এর আগে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এই সদস্য। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগ দিয়ে গত ২১ নভেম্বর বিএনএম-এ যোগ দেন।

এর এক সপ্তাহ পর মঙ্গলবার তাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

আরও পড়ুন-

পুরানো খবর:

বিএনপি ছেড়ে বিএনএম এর নেতৃত্বে শাহ মোহাম্মদ আবু জাফর

পুরানো খবর:

একরামুজ্জামান ও শাহ আবু জাফরকে বিএনপি থেকে বহিষ্কার

পুরানো খবর:

তিনশ আসনে প্রার্থী দিতে চায় বিএনএম

পুরানো খবর:

বিএনএম ও বিএসপিকে নিবন্ধন দিল ইসি