ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের
শনিবার বিকাল ৪টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হবে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম এবং ভোটার ও সমর্থকদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। এ প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জেলা জামায়াত।
শুক্রবার বেলা ১২টার দিকে এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদ।
কফিল উদ্দিন বলেন, “উপনির্বাচনে অনিয়ম তো হয়েছেই-এর পাশাপাশি ভোট পরবর্তী সময়ে আমাদের ভোটার ও সমর্থকের ওপর বিএনপির লোকজন হামলা ও মারধর করেছে। এতে অনেকেই আহত হয়েছেন।
“এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকাল ৪টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।”
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্র ভোটগ্রহণ হয়।
ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টার দিলে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার মো. কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
সেখানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমিনকে বিজয়ী ঘোষণা করা হয়।
ভোটে মির্জা ফয়সল পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামের দেলাওয়ার হোসেনের বাক্সে জমা হয় ৯৬ হাজার ৫১৩ ভোট।
এছাড়াও এই আসনের উপনির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ) পেয়েছেন ৮৩৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) পেয়েছেন ৪৫০ ভোট।
বিক্ষোভ কর্মসূচিতে দলের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদ।
