রেকর্ড গড়ে ২ হাজারে মুশফিক-লিটন জুটি
৬০ ছুঁইছুঁই গড়ে ৩৪ ইনিংসে জুটির ২ হাজার পূর্ণ করেছেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।
কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি নান্দনিক কাভার ড্রাইভে সীমানায় পাঠালেন লিটন কুমার দাস। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় খুব বেশি গুরুত্ব নেই এই বাউন্ডারির। তবে এই চারের বিশেষ মাহাত্ম্য মুশফিকুর রহিমের সঙ্গে তার জুটির।
নতুন সকালের শুরুতেই সাইমন হার্মারের বলে রাবাদার ওভারথ্রো থেকে ৪ রান উপহার পায় বাংলাদেশ। পরে রাবাদার বলেই মারা বাউন্ডারিতে পূর্ণ হয়েছে টেস্ট ক্রিকেটে লিটন-মুশফিক জুটির ২ হাজার রান। বাংলাদেশের জন্য যা দ্রুততম।
জোহানেসবার্গ টেস্ট শুরুর আগে মাইলফলক থেকে ২০ রান দূরে ছিল মুশফিক-লিটন জুটি। আগের দিন শেষ বিকেলে ১৩ রান যোগ করে অবিচ্ছিন্ন থাকেন তারা। বৃহস্পতিবার সকালে দ্বিতীয় ওভারে পূর্ণ হয় এই জুটির ২ হাজার রান।
টেস্ট ক্রিকেটে ২ হাজার রানের কীর্তি আছে বাংলাদেশের আর দুটি জুটির। একসঙ্গে ৭০ ইনিংসে ব্যাটিং করে ২ হাজার ৮৬৩ রান যোগ করেন মুশফিক ও সাকিব আল হাসান। এছাড়া ৫৮ ইনিংসে জুটি বেধে ২ হাজার ৪৩৩ রান করেন ইমরুল কায়েস ও তামিম ইকবাল।
তবে আগের দুই জুটির চেয়ে অনেক কম ইনিংসেই ২ হাজার পূর্ণ হয়েছে মুশফিক-লিটনের। তাদের এই মাইলফলক ছুঁতে লেগেছে ৩৪ ইনিংস।
পরে লিটনের বিদায়ে জুটি থেমেছে ৪৭ রানে। গলে ২০১৭ সালে শুরু করে এখনও পর্যন্ত জুটি বেধে দুজনের রান ২ হাজার ২৭, গড় ৫৯.৬১।
জুটির ২ হাজার রান করতে তামিম-ইমরুলের লেগেছিল ৪০ ইনিংস। এই জুটির গড় ৪৩.৪৪ রান। খুলনায় ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে গড়া ৩১২ রানের জুটি তাদের সর্বোচ্চ। যা এখনও ওপেনিংয়ে দেশের সর্বোচ্চ জুটির রেকর্ড।
সাকিব-মুশফিক জুটির ২ হাজার পূর্ণ হয় ৪৬ ইনিংসে। ওয়েলিংটনে ২০১৭ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩৫৯ রানের জুটি গড়ার পথে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করে এই জুটি। যা এখনও যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি।
এই সংস্করণে জুটির বিশ্ব রেকর্ড থেকে অবশ্য অনেক দূরে বাংলাদেশ। প্রায় ১৬ বছরে ১৪৩ ইনিংসে একসঙ্গে ব্যাটিং করে ৬ হাজার ৯২০ রান যোগ করেছেন ভারতের দুই কিংবদন্তি সাচিন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়। তাদের ২০টি শতরানের জুটিও বিশ্ব রেকর্ড।
টেস্ট ক্রিকেটে ম্যাচের দুই ইনিংস মিলিয়ে চারবার ৩০০ রানের বেশি করেছে বাংলাদেশের কোনো জুটি। এর একটি লিটন ও মুশফিকের। প্রায় ৯ বছর ও ৩৪ ইনিংসে এখন পর্যন্ত শূন্য রানে ভাঙেনি এই জুটি।
২ হাজারের ক্লাবে বাংলাদেশের নতুন সংযোজনের পথে ৮টি শতরানের জুটি গড়েছেন মুশফিক ও লিটন। যা দেশের সর্বোচ্চ। ৬টি শতকছোঁয়া জুটি গড়ে দুইয়ে মুশফিকের সঙ্গে মুমিনুল হকের জুটি। তাদের জুটিও ২ হাজার করার খুব কাছে। এখন পর্যন্ত এই জুটির সংগ্রহ ১ হাজার ৯৭০ রান।
মুশফিক-লিটনের সর্বোচ্চ ২৭২ রানের। মিরপুরে ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে স্রেফ ২৪ রানে পঞ্চম উইকেট পতনের পর প্রতিরোধ গড়ে দলকে নিরাপদ অবস্থানে নিয়ে যান তারা। ষষ্ঠ উইকেটে এটি এখনও বাংলাদেশের সর্বোচ্চ জুটি।
দলকে বিপদ থেকে উদ্ধার করার আরও নজির রয়েছে তাদের। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৯ রানে চতুর্থ উইকেট পতনের পর ২০৬ রান যোগ করেন মুশফিক ও লিটন। সিলেটে গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে পঞ্চম উইকেটে তারা গড়েন ১২৩ রানের গুরুত্বপূর্ণ জুটি।
২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ষষ্ঠ উইকেটে ১১৪ রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহের পথ সুগম করেন মুশফিক ও লিটন। চলতি জোহানেসবার্গ টেস্টেও এই জুটির দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। তবে এবার সেই জুটি লম্বা হয়নি বেশি। শেষ দিন সকালে কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে গেছেন লিটন।
