ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রতীক পেলেন বিএনপি-জামায়াতসহ ৫ প্রার্থী
আগামী ২৯ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমিনসহ পাঁচ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে জয়ী হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওযায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।
প্রতীক পাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রার্থীদের প্রচারণা; যার মাধ্যমে জমজমাট রূপ নিয়েছে ঠাকুরগাঁওয়ের ভোটের মাঠ। নির্বাচনি প্রচার চলবে আগামী ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত।
প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
প্রতীক বরাদ্দের সময় নির্বাচনি আচরণবিধি মেনে চলার তাগিদ দিয়ে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম শান্ত পরিবেশ বজায় রেখে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন।
এ সময় প্রার্থীরা ঠাকুরগাঁও-১ আসনের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মাঠের দায়িত্বে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৬ হাজার ১৩৮।
আরও পড়ুন
