২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা: ধাওয়া-পাল্টা ধাওয়ায় ফের রণক্ষেত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2024, 07:28 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ফের রণক্ষেত্রে পরিণত হয়েছে ক্যাম্পাস।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত থেমে থেমে তা চলছিল বলে জানিয়েছে শিক্ষার্থীরা।  

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, কোনো প্রকার কারণ ছাড়াই শিক্ষার্থীদের ওপর হামলা করেছে পুলিশ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা টিয়ারগ্যাস ছুড়লে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এর আগে দুপুরের দিকে উত্তেজিত শিক্ষার্থীরা কয়েকটি হলে ছাত্রলীগের ব্লকের রুম ভাঙচুর করে। এর মধ্যে আ ফ ম কামালউদ্দিন হল, শহীদ সালাম বরকত হল ও শহীদ রফিক জব্বার হলের ছাত্রলীগের নেতৃস্থানীয়দের রুম ভাঙচুর শিক্ষার্থীরা।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ও সোমবার মওলানা ভাসানি হলের ছাত্রলীগের ব্লক ভাঙচুর করেছিল শিক্ষার্থীরা। 

এছাড়া সোমবার সন্ধ্যায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনের এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে।

সোমবার কোটা সংস্কার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ ও হামলার ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা বাড়ে আন্দোলনকারী ও সরকারদলীয় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে। দুই পক্ষের শক্ত অবস্থানে দুপুরের পর থেকে একের পর এক স্থানে বাঁধতে থাকে সংঘর্ষও। সংঘর্ষে জড়ায় পুলিশও।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘাতের এসব ঘটনায় চট্টগ্রামে তিনজন, রাজধানীতে দুইজন এবং রংপুরে একজন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকশ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় জেলায় বিজিবি নামানো হয়।

এমন প্রেক্ষাপটে রাতে সরকারের দিক থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা আসে।

এ ধারাবাহিকতায় বুধবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে কর্তৃপক্ষ। পাশাপাশি আবাসিক হলের শিক্ষার্থীদের বিকাল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ত্যাগের যে নির্দেশ দিয়েছে শিক্ষার্থীরা তা প্রত্যাখান করেছে।

বুধবার সকাল ১০টায় জরুরি সিন্ডিকেট সভা বসে। খবর পেয়ে রেজিস্ট্রার ভবনের নিচে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সিন্ডিকেট সভার পর বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু হাসান রেজিস্ট্রার ভবনের সামনে উপস্থিত শিক্ষার্থীদের সামনে হল বন্ধের ঘোষণা দিলে প্রশাসনিক ভবনে হামলা চালায় আন্দোলনকারীরা।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেলের দাবি অনুপ্রবেশকারীরা আন্দোলনকে ভিন্নখাতে নিতে রেজিস্ট্রার কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে।

তিনি বলেন, “ছাত্রলীগের অনুপ্রবেশকারীরা আন্দোলনকে ভিন্নখাতে নিতে রেজিস্ট্রার অফিসে ভাঙচুর চালিয়েছে। আমাদের সাধারণ শিক্ষার্থীরা এই হামলার সঙ্গে জড়িত না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব।”

এর কিছুক্ষণ পর আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) নিয়ে অসংখ্য পুলিশ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। তারা শহীদ মিনারের সামনের সড়কে অবস্থান নেয়। আর শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনের এলাকায় অবস্থান নেয়। 

পরে বিকাল সাড়ে ৫টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। 

আরও পড়ুন

জাবিতে হল ছাড়ার নির্দেশ, প্রতিবাদে প্রশাসনিক ভবনে হামলা

কোটা: ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

কোটা সংস্কারের দাবিতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, সংহতি সমাবেশ

কোটা সংস্কারের এক দফা দাবি: জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক

বাধা ভেঙে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ