কোটা: ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ আন্দোলনরত শিক্ষার্থীদের।
কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনের এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ আন্দোলনরত শিক্ষার্থীদের।
আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম, ইতিহাস বিভাগের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা বৃষ্টি, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু, পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘ আহত হয়েছেন। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
অন্যদিকে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন এবং সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার আহতের খবর পাওয়া গেছে। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে তৌহিদ সিয়াম বলেন, “শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশি অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়েছেন। নারী শিক্ষার্থীদের বেধড়ক মারধর করেছেন তারা।”
সবশেষ এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন:
