২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধা ভেঙে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

পুলিশ প্রথম দিকে মারমুখি থাকলেও শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার পর সতর্ক অবস্থানে চলে যেতে দেখা যায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2024, 11:50 PM

Updated : 26 Aug 2026, 09:59 AM

কোটা সংস্কার আন্দোলন ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির আওতায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে অবরোধ তুলে নেয় তারা। 

এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটকের সামনে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ সদস্যরা বাধা দেন। তবে সেই বাধা ভেঙে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এক দফা দাবি হল- সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করা।

অবরোধের বিষয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মাহফুজ মেঘ বলেন, “সর্বোচ্চ ৫ শতাংশ কোটা রেখে সংসদে আইন পাস করার একদফা নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। আজ বিকাল তিনটা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করার কথা ছিল। কিন্তু আমরা এসে দেখলাম মহাসড়কে পুলিশ, এপিসি কার আর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলানো। তবুও আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছি, সামনেও কর্মসূচি থাকবে।”

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ঐন্দ্রিলা মজুমদার অর্ণা বলেন, “ছাত্রসমাজ বায়ান্ন-একাত্তরের চেতনা ভোলেনি। আজকে পুলিশ-প্রশাসনের বাধা উপেক্ষা করে মহাসড়ক অবরোধ কর্মসূচি তার প্রমাণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।”

এদিকে, মহাসড়কে দেড় শতাধিক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রথমদিকে মারমুখি থাকলেও শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার পর তাদের সতর্ক অবস্থানে চলে যেতে দেখা যায়।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস অ্যান্ড ট্র্যাফিক) আব্দুলাহিল কাফি বলেন, “মহাসড়ক অবরোধ করলে মানুষের ব্যাপক ভোগান্তি হয়। ভোগান্তি এড়াতে মহাসড়ক অবরোধ না করার জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করেছি। কারণ আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হতে চাই না।”

আরও পড়ুন::

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের জমায়েতে নিজেদের মধ্যে হাঙ্গাম

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধীদের লাঠিপেটার অভিযোগ