জাবিতে হল ছাড়ার নির্দেশ, প্রতিবাদে প্রশাসনিক ভবনে হামলা
সাঁজোয়া যান নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়েছে অসংখ্য পুলিশ।
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বিকাল ৪টার মধ্যে সব হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার সকালে সিন্ডিকেট সভার পর বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু হাসান রেজিস্ট্রার ভবনের সামনে উপস্থিত শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দিলে প্রশাসনিক ভবনে হামলা চালায় আন্দোলনকারীরা।
এর কিছুক্ষণ পর আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) নিয়ে অসংখ্য পুলিশ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনের এলাকায় অবস্থান নিয়েছেন। আর পুলিশ অবস্থান নিয়েছে শহীদ মিনারের সামনের সড়কে।
অনুপ্রবেশকারীরা আন্দোলনকে ভিন্নখাতে নিতে রেজিস্ট্রার কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বলে দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেলের।
তিনি বলেন, “ছাত্রলীগের অনুপ্রবেশকারীরা আন্দোলনকে ভিন্নখাতে নিতে রেজিস্ট্রার অফিসে ভাঙচুর চালিয়েছে। আমাদের সাধারণ শিক্ষার্থীরা এই হামলার সঙ্গে জড়িত না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ত্যাগের যে নির্দেশ দিয়েছে শিক্ষার্থীরা তা প্রত্যাখান করেছে বলেও দাবি তার।
মঙ্গলবার বিভিন্ন স্থানে সংঘাত ও সংঘর্ষের পর দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়ার জন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের চিঠি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
এরই পরিপ্রেক্ষিতে বুধবার সকাল ১০টায় জরুরি সিন্ডিকেট সভা বসে। খবর পেয়ে রেজিস্ট্রার ভবনের নিচে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
