১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আমার ভাইয়ের লাশটাও পাইতেছি না গো’

নিখোঁজদের স্বজনরা রাতে যারা বাড়িতে ফিরেছিলেন তারাও ভোর থেকে আবারও কারখানার সামনে অন্তত স্বজনের লাশটা পাবার অপেক্ষায় আছেন৷

‘আমার ভাইয়ের লাশটাও পাইতেছি না গো’
নিখোঁজ ভাইয়ের জন্য কারখানার প্রধান ফটকের সামনে বিলাপ করছিলেন রফিকুল ইসলাম রতন৷

সৌরভ হোসেন সিয়াম, নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2024, 03:28 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ারস কারখানায় আগুন লাগার পর ছেলেকে খুঁজতে আসার পর থেকে নিখোঁজ ভাইয়ের লাশটা অন্তত পেতে চান রফিকুল ইসলাম রতন৷

মঙ্গলবার সকালে ধ্বংসস্তূপে পরিণত হওয়া কারখানার প্রধান ফটকের সামনে বিলাপ করতে করতে তিনি বলছিলেন, “আমার ভাইরে খুঁইজা দেন গো৷ আমার ভাইয়ের লাশটাও পাইতেছি না গো। “ 

উপজেলার কলাবাগান এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম রতনের ভাতিজা ইয়াসিন গাজী টায়ারস কারখানার টিউব সেকশনের কর্মী ছিলেন৷ 

রোববার রাতে কারখানাটিতে লুটপাটের পর দুর্বৃত্তদের দেওয়া আগুনের ঘটনার পর রতনের ভাই আব্দুল মোতালেব (৪০) তার কিশোর ছেলেকে খুঁজতে কারখানায় এসছিলেন। 

পরে ইয়াসিন বাড়িতে ফিরলেও তার বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান রতন৷ রোববার রাত থেকেই জাতীয় পরিচয়পত্র ও ছবি হাতে ভাইয়ের খোঁজে কারখানার সামনে অপেক্ষায় আছেন রতন৷

ভাইকে ‘জীবিত পাবার আশা’ নেই জানিয়ে মঙ্লবার সকালে তিনি বলেন, “আমার ভাইরে তো জিন্দা পামু না৷ লাশটাও পাইতেছি না গো ভাই৷ লাশটারেও খুঁইজা দিতেছে না কেউ।” 

“আল্লার কাছে কী দোষ করছি গো, আমার ভাইডারে নিলো গা৷ ভাতিজারে খুঁজতে আইয়া ভাইয়ে নিজেই ফাঁইসা গেছে গা”, বলেন রতন৷

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর মালিকানধীন কারখানাটিতে লুটপাটের পর রোববার রাতে ছয়তলা একটি ভবনে আগুন দেওয়া হয়। 

এর ৩২ ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস৷ তবে বেলা ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভবনটিতে উদ্ধার অভিযান শুরু করতে পারেনি তারা৷

ভবনটি নাজুক অবস্থায় থাকায় এখন পর্যন্ত ভেতরে ঢুকে উদ্ধার অভিযান শুরু করা যায়নি বলে সকাল ১০টায় জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক৷

তিনি বলেন, ভোর ৫টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়েছেন তারা৷ তবে ভেতরের উত্তাপ থেকে আবারও আগুন ধরে যেতে পারে শঙ্কা রয়েছে৷

এদিকে, রোববার লুটপাটের পর ভবনটিতে আগুন দেওয়া হলে ভেতরে থাকা শতাধিক ব্যক্তি আর বের হতে পারেননি বলে দাবি নিখোঁজদের স্বজনদের৷

গত সোমবার বিকাল পর্যন্ত নিখোঁজ ১৭৪ জনের একটি তালিকাও করে ফায়ার সার্ভিস৷ তবে উদ্ধার অভিযান শুরু না হওয়ায় নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের অপেক্ষার শেষ হচ্ছে না৷ 

সোমবার মধ্যরাত পর্যন্তও কারখানার সামনে অপেক্ষমান ছিলেন তারা৷ পরে রাতে যারা বাড়িতে ফিরেছিলেন তারাও ভোর থেকে আবারও কারখানার সামনে নিখোঁজ স্বজনদের অন্তত লাশটা পাবার অপেক্ষায় আছেন৷

নিখোঁজদের মধ্যে আছেন ৩৫ বছর বয়সী আলী নূর৷ গাউসিয়া এলাকায় তার একটি মাছের খামার রয়েছে৷ ছেলের ছবি হাতে কারখানার সামনে রাস্তায় বসে কাঁদছিলেন তার বৃদ্ধা মা লিলি বেগম৷ 

লুটপাট চলাকালীন আলী নূর কারখানাটিতে এসেছিলেন জানিয়ে এই বৃদ্ধা বলেন, ছেলের সঙ্গে তিনিও কারখানাটি এসেছিলেন৷ লিলি যখন ভবনটির নিচে ছিলেন, আলী ছিলেন ভবনর উপরে৷ আগুনের ঘটনার পর আর বের হতে পারেননি আলী৷

“আমি দেহি চারদিকে খালি ধুয়া আর ধুয়া (ধোঁয়া)৷ পোলারে ডাকি, খুঁইজা পাই না৷ পোলায় আর বাইর হইতে পারে নাই৷ ও আলী নুর রে তোর মাছ কেডায় পাহারা দেয়৷ 

“তুই কিয়ের লাইগা এইহানে আইছিলি৷ বাবারে তুই কেন এইহানে আইছোত৷ তোর মার বুকটা তো খালি রে আলী নূর,” এই বলে বুক চাপড়ে কাঁদছিলেন লিলি৷ 

এ প্রতিবেদকের কাছে বারবার আকুতি জানিয়ে তিনি বলছিলেন, “বাবাডার লাশটা খালি আইন্না দেও৷”

রোববার ভোররাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী৷

তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয় কিছু মানুষ নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে; পরে তারা তারাবো রূপসী এলাকায় গাজী টায়ারসের কারখানায় হামলা চালায় এবং লুটপাট শুরু করে৷

দিনভর লুটপাট চালিয়ে রাত ৯টার দিকে কারখানায় আগুন লাগিয়ে দেয় তারা।

ছেলে আলী নূরের ছবি হাতে কারখানার সামনে বসে আহাজারি করছিলেন তার বৃদ্ধ মা লিলি বেগম৷

ছেলে আলী নূরের

রোববার রাতে লুটপাটের সময় কারখানায় আসা আশপাশের অনেক মানুষ নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা দাবি করেছেন।

তারা সোমবার দিনভর কারখানার সামনে নিখোঁজদের খোঁজে আহাজারি করেছেন। নিখোঁজের নাম সেখানে দায়িত্বরত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যদের কাছে দিয়েছেন স্বজনরা।

মঙ্গলবার সকালেও কারখানার সামনে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ভিড় দেখা গেছে৷

এর আগে গণঅভ্যুত্থানের মুখে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক দফায় গাজীর রূপসী ও কর্ণগোপের দুটি কারখানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন

গাজী টায়ারস৩২ ঘণ্টা পর নিভেছে আগুনভবন ধসের শঙ্কা

গাজী টায়ারসমাইকে ঘোষণা দিয়ে লোক জড়োতারপর লুটপাট-আগুন

গাজী টায়ার২২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণেতবে পুরোপুরি নেভেনি

গাজী টায়ারস২১ ঘণ্টায়ও নেভেনি আগুনলুটপাট চলছেই

গাজী টায়ারস২১ ঘণ্টায়ও নেভেনি আগুনলুটপাট চলছেই

গাজী টায়ার কারখানা লুটের পর আগুনফায়ার সার্ভিসের তালিকায় নিখোঁজ

লুটপাট-নাশকতা: ১৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ার কারখানার আগুন

হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজী ৬ দিনের রিমান্ডে