হবিগঞ্জে ধর্ষণ মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
২০১৯ সালে ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করা হয়; পরে তার বাবা এ ঘটনায় মামলা করেন ।
হবিগঞ্জের মাধবপুরে স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম নাসিম রেজা তিন বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মো. ওয়াহিদ আলীর ছেলে মো. শাহীদ মিয়া (৪৫) ও রাজেন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোস্তফা (৩৫)।
রায় ঘোষণার সময় দুজনই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানাও দিয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোস্তফা মিয়া জানান।
মামলার বিবরণে বলা হয়, ২০১৯ সালের ১৮ জুন রাতে দুর্গাপুর গ্রামের দশম শ্রেণীর এক ছাত্রীর ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন শাহিদ ও মোস্তফা। বিষয়টি কাউকে না জানাতে হুমকিও দেন তারা।
এক পর্যায়ে ঘটনাটি জানাজানি হলে পরদিনই মেয়েটির বাবা বাদি হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।
