০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের প্রাণদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

জমি নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি কৃষককে কুপিয়ে হত্যা করা হয় বলে জানান পিপি।

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের প্রাণদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ আদালতে রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 03:31 PM

Updated : 07 Oct 2026, 03:50 PM

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন ভাইকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন ১১ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক মোস্তাছিনুর রহমান।

মৃত্যুদণ্ড পাওয়ারা হলেন- মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া। তারা উপজেলার চর ভোলামারী এলাকার বাসিন্দা।

যাবজ্জীবন দণ্ড পাওয়ারা হলেন- আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া এবং আসাদুল।

মোস্তাছিনুর রহমান বলেন, ১৩ আসামির মধ্যে ১১ আসামির উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। পলাতকদের মধ্যে একজন ফাঁসির আসামি ও অপরজন যাবজ্জীবন সাজা পাওয়া ব্যক্তি।

মামলার বিবরণ থেকে জানা গেছে, উপজেলার চর ভোলামারীর হযরত আলীর ছেলে কৃষক সবির সঙ্গে আসামিদের জমি নিয়ে বিরোধ চলছিল। ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি চর ভেলামারীর চৌরাস্তা খেয়াঘাট এলাকার একটি কাপড়ের দোকানে বসেছিলেন সবি। সেখানে তাকে দেশি অস্ত্র নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার তিন দিন পর ২৮ ফেব্রুয়ারি সবির ভাই রফিকুল ইসলাম বাদী ১৩ জনের নাম ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে নান্দাইল থানায় হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আনোয়ার আজিজ টুটুল বলেন, ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে তিনজনকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক বছরের সশ্রম কারাবাসে থাকতে হবে।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী এ কে এম আমানউল্লাহ বাদল।