গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি
তারা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবারও বিজিবি মোতায়েন রয়েছে।
এদিন বিজিবি সদর দপ্তরের এক বার্তায় বলা হয়েছে, গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাতে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। তারা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
এর বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও ওই বার্তায় বলা হয়েছে।
গেল রোববার গোপালগঞ্জ জেলা শহর কার্যত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দখলে ছিল।
সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী জেলা শহরে প্রবেশ করেন। এরপর তারা লগি-বৈঠা নিয়ে একযোগে মিছিল নিয়ে শহরের বিভিন্ন এলাকা ঘোরে।
এর মধ্যে সন্ধ্যায় গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়।
পরদিন সোমবার ‘বাড়তি সতর্কতার’ অংশ হিসেবে মাঠে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিজিবি মোতায়েন করে প্রশাসন, যা মঙ্গলবারও অব্যাহত রয়েছে।
