যারা আন্দোলনে জেতে, তারাই নির্বাচনে জেতে: কাদের
রংপুর বিভাগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেছেন তিনি।
আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি যদি নির্বাচন ঠেকানোর চেষ্টা করে, তাতে কোনো ফল মিলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “এদেশে যারা আন্দোলনে জেতে, তারাই নির্বাচনে জেতে। গণঅভ্যুত্থান, নানা অন্দোলনের চেষ্টা করে শুরুতেই হোঁচট খেয়ে যায়, বাস্তবে মানুষ কোনো আন্দোলন দেখতে পারেনি। (বিএনপির) নেতাকর্মীরা জনগণকে সম্পৃক্ত করতে পারেনি, একটাও হালে পানি পায়নি।
“বিএনপি ব্যর্থ গণআন্দোলন নিয়ে পথহারা পথিকের মতো। আন্দোলনে যারা ব্যর্থ, তারা সন্ত্রাস করবে। নির্বাচন করতে দেবেন না- সেই দুঃসাহস দেখিয়ে লাভ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।”
শনিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যলয়ে সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, "সতর্ক থাকতে হবে। একটা ব্যাপারই দরকার- ঐক্য। এই কথা চেতনায় ধারণ করতে হবে। (বিএনপি) দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। ফখরুল বলে, আওয়ামী লীগ গণতন্ত্রেও বিশ্বাস করে না।
“তো কোন গণতন্ত্র? জিয়াউর রহমানের হ্যাঁ/না ভোট? মাগুরা মার্কা উপনির্বাচন বিশ্বাস করি না।"
আওয়ামী লীগ সাধারক সম্পাদক বলেন, "বিএনপি দেশটাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। দেশকে কী মেরামত করবেন, সবকিছুতে একটা বৈপ্লবিক পরিবর্তন শেখ হাসিনা করছেন। আপনাদের (বিএনপি) একটা উন্নয়নের কাজ নেই, যেটা দেখিয়ে ভেটারদের বলবেন, ভোট দেন।"
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের প্রাথমিক সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে বৃহত্তর রংপুর বিভাগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীসহ রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন।
