০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

পেনাল্টি মিস করে কেইনের ‘অদ্ভুত রাত’

“যদি আমি আরও এক ঘণ্টা খেলতাম, তবুও হয়তো বল জালে জড়াত না’, ডর্টমুন্ডের বিপক্ষে নিজের পারফরম্যান্সে হতাশ বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার।

পেনাল্টি মিস করে কেইনের ‘অদ্ভুত রাত’

পেনাল্টিতে ব্যর্থ হন হ্যারি কেইন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 07:08 PM

Updated : 01 Nov 2026, 07:08 PM

ব্যালন দ’র জয়ীর বেশে প্রথমবার মাঠে নেমে হতাশাজনক এক ম্যাচ কেটেছে হ্যারি কেইনের। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে তিনি নিজে পেনাল্টিতে ব্যর্থ হয়েছেন, তার দল বায়ার্ন মিউনিখ দুইবার এগিয়ে গিয়েও পয়েন্ট হারিয়েছে। সব মিলিয়ে ‘অদ্ভুত’ অনুভূতি হচ্ছে এই ইংলিশ তারকার।

ঘরের মাঠে শনিবার বুন্ডেসলিগার ম্যাচটি ২-২ ড্র করে বায়ার্ন। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে দ্বিতীয় গোলটি হজম করে তারা।

দ্বিতীয়ার্ধে দল ১-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় পেনাল্টিতে ক্রসবারে বল মারেন কেইন। বায়ার্নের হয়ে নিজের আগের ২৬টি পেনাল্টির মধ্যে ২৫টিতেই বল জালে পাঠালেও এবার পারেননি তিনি।

এছাড়া ম্যাচে তার একটি প্রচেষ্টা বাধা পায় পোস্টে। সব মিলিয়ে বায়ার্নের চারটি প্রচেষ্টা ব্যর্থ হয় পোস্ট কিংবা ক্রসবারে লেগে।

আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এখনও শীর্ষেই আছে বায়ার্ন, তবে তাদের সমান পয়েন্ট ডর্টমুন্ডেরও।

মৌসুমে দুর্দান্ত শুরুর পর টানা দুটি ম্যাচে গোল করতে ব্যর্থ হলেন কেইন। ম্যাচের পর এই স্ট্রাইকার বলেন, এ দিন কোনো কিছুই পক্ষে ছিল না তাদের জন্য।

“আজ হয়তো আমার বা দলের সেরা পারফরম্যান্স ছিল না, তবে জীবন এমনই। একজন স্ট্রাইকার বা ফুটবলার হিসেবে এসব পরিস্থিতির মধ্য দিয়ে যেতেই হয়।

“যদি আমি আরও এক ঘণ্টা খেলতাম, তবুও হয়তো বল জালে জড়াত না। মাঝে মাঝে এমন পরিস্থিতি মেনে নিতে হয়। সব মিলিয়ে এটি ছিল অদ্ভুত রাত।”

ম্যাচের ফলই বায়ার্নের জন্য একমাত্র হতাশার বিষয় নয়; বরং ইসমায়েল সাইবারি ও সের্গে জিনাব্রি চোট পেয়ে মাঠ ছাড়ায় দলের এই সমস্যা আরও বেড়েছে। ম্যাচ শেষে মাইকেল ওলিসেকেও খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে।

চোট নিয়ে কেইনের কথায় যথেষ্ট শঙ্কার ইঙ্গিতই পাওয়া গেল।

“আমাদের দেখতে হবে চোটগুলো কতটা গুরুতর। এর মধ্যে কয়েকজনের অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছিল না।”

ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচেও বায়ার্নের ডাগআউটে ছিলেন না প্রধান কোচ ভেসোঁ কম্পানি। কিছুদিন আগে বায়ার্নের রিজার্ভ দলের অনুশীলনের সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা স্থিতিশীল হলেও জানানো হয়, কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। হাসপাতাল থেকে ফিরে আপাতত বাড়িতে আছেন এই বেলজিয়ান কোচ।