‘আপনারা জেগে উঠুন, নির্বাচন ঠেকাতে রাস্তায় নামুন’
“আজকে জনগণের কোনো দাম নেই। আইনশৃঙ্খলা বাহিনী, কতিপয় প্রতিষ্ঠান আর শাসক শ্রেণির কতিপয় লোকজন নির্ধারণ করবে কে এমপি হবে, কে কয়টা সিট পাবে।”
বিরোধীদের বর্জনে ‘একতরফা’ নির্বাচন প্রতিহত করতে মানুষকে ‘জেগে উঠে’ রাস্তায় নামার আহ্বান জানিয়েছে বিএনপিপন্থি পেশাজীবীদের মোর্চা সম্মিলিত পেশাজীবী পরিষদ।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এই আহ্বান জানানো হয়।
পরিষদের আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন বলেন, “দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ‘প্রহসনের’ নির্বাচন চায় না। তারা এই নির্বাচন বয়কট করেছে। আজকে একটি সরকারি ভবন থেকে নির্ধারিত হচ্ছে কে কয়টি আসন পাবে।”
গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, সাম্যের জন্য দেশ স্বাধীন হয়েছিল জানিয়ে তিনি বলেন, “হায়রে দেশ! আজকে তার কি দুরাবস্থা!
“আজকে জনগণের কোনো দাম নেই। আইনশৃঙ্খলা বাহিনী, কতিপয় প্রতিষ্ঠান আর শাসক শ্রেণির কতিপয় লোকজন নির্ধারণ করবে কে এমপি হবে, কে কয়টা সিট পাবে।”
দেশবাসীর উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘‘বাংলাদেশের মানুষ, আপনারা জেগে উঠুন। এটি শুধু বিএনপির নয়, এটি শুধু সমমনা জোট ও দলের নয়, এটি বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষের আন্দোলন।
“জনগণের ভোটাধিকার উদ্ধারের এই আন্দোলনে পেশাজীবীরা একত্রিত হয়েছেন, আপনারা রাস্তায় নেমে আসুন। জনগণ যখন রাস্তায় নেমেছে, রক্ত দিতে শিখেছে, সেই রক্ত বৃথা যায় না। অতীত তা বলে না। কাজেই জয় আমাদের সুনিশ্চিত।”
‘মানবাধিকার, ভোটাধিকার ও ন্যায়বিচারের’ দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষক-চিকিৎসক-আইনজীবী-কৃষিবিদসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে আওয়ামী লীগে ভিড়িয়ে মনোনয়ন দেওয়ার বিষয়েও কথা বলেন জাহিদ হোসেন। তিনি বলেন, “আপনি বিরোধী দলের কেউ হন তাহলে আপনার বিরুদ্ধে মামলা-হামলা হবে এবং আপনার জামিন হবে না।
“তার উৎকৃষ্ট উদাহরণ কয়েকদিন আগে আপনারা দেখেছেন। জনৈক আইনজীবী যখন হাজতে ছিলেন, রিমান্ড খেটেছেন, মামলা হয়েছে। তাকে এখন নৌকায় তুলে দেওয়া হয়েছে। এই তো বাংলাদেশের বিচার ব্যবস্থা, এই তো আইনের শাসন।
“আজকে আইনের শাসন ও সুবিচার প্রার্থীরা পথে পথে ঘুরছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার বলেন, ‘‘একটা ‘প্রহসনের’ নির্বাচনের পাঁয়তারা করছে। কিছু লোককে ভুলিয়ে ভালিয়ে নির্বাচনে আনতে চেয়েছে। আসলে নির্বাচন তো হচ্ছে না। ভোট তথা আসন ভাগাভাগির সমঝোতা হচ্ছে। এই নির্বাচন বাংলাদেশের মানুষ করতে দেবে না।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ইউসুফ হায়দার বলেন, “আপনি একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, একটানা ১৫ বছর ক্ষমতায় আছেন, জনগণের মনোভাব বোঝেন।
“বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, আইনের শাসন ‘অত্যন্ত খারাপ অবস্থায় আছে’। আমি অনুরোধ করব দেশকে আর ধ্বংসের দিকে নিয়ে যাবেন না।”
তিনি বলেন, “এটি বিএনপি তথা কোনো দলের আন্দোলন নয়। এটি জনগণের আন্দোলন। জনগণ শুধু তাদের ভোট দেওয়ার অধিকারটুকু শুধু চায়, আর কিছু নয়।”
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্ব এবং সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের সুব্রত চৌধুরী, জিয়া পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, ইউনির্ভাসিটি টিচার্স অ্যাসোসিয়েশনের এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুৎফুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম সেলিমও বক্তব্য রাখেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, কামরুল ইসলাম সজল, মহসিন মিয়া, ওমর ফারুক ফারুকী, ডক্টরস অ্যাসোসিয়েশনের হারুন আল রশিদ, জহিরুল ইসলাম শাকিল, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের রিয়াজুল ইসলাম রিজু, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের রাশেদুল হাসান হারুন, সাংবাদিক নেতা এম আবদুল্লাহ ও শহীদুল ইসলাম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলামও এতে অংশ নেন।
