২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশস্থল নিয়ে সমঝোতায় আসবে বিএনপি, আশায় ওবায়দুল কাদের

ভারতের হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে দেশের পরিস্থিতি নিয়ে একথা বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সমাবেশস্থল নিয়ে সমঝোতায় আসবে বিএনপি, আশায় ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2022, 07:31 PM

Updated : 06 Dec 2022, 07:31 PM

আগামী ১০ ডিসেম্বর ঢাকার বিএনপির সমাবেশস্থল নিয়ে যে টানাপড়েন চলছে, তা কেটে যাবে বলে মনে করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, “হয়ে যাবে (সমাধান)। বাংলাদেশের রাজনীতির আকাশে ঘন মেঘ ঘনীভূত হয়, আবার চট করে চলে যায়। আই অ্যাম অলওয়েজ অপটিমিস্টিক, আমি আশাবাদী।”

মঙ্গলবার সচিবালয়ে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার কর্মসূচি দিয়েছে।

তারা নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাইলেও সেখানে পুলিশ অনুমতি দিতে চাচ্ছে না। পুলিশ সোহরাওআর্দী উদ্যানে জনসভা করতে বললেও বিএনপি তা মানছে না।

এই পরিস্থিতির মধ্যে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে, না কি আরামবাগে পুলিশ অনুমতি দেবে- এমন প্রশ্নে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “যেটাই হোক, একটা সমঝোতায় আসবে।”

পুরনো খবর:

১০ ডিসেম্বর কী হবে?
১০ ডিসেম্বর কর্মীদের পাহারায় থাকার নির্দেশ ওবায়দুল কাদেরের
সরকার এমন করছে, যেন ১০ ডিসেম্বর ঢাকায় যুদ্ধ হবে: ফখরুল
আইডিয়ালের সড়ক চায় বিএনপি, পুলিশের ‘না’

বিএনপির সমাবেশ ঘিরে এমন উত্তেজনায় রাজধানীবাসীর মধ্যেও উদ্বেগ ছড়াচ্ছে।

সে বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

“দলের পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা সরকারে আছি, আমরা কেন দেশের অশান্তি চাইব? আতঙ্ক সৃষ্টি হয়, কেন এমন কাজ করব?”

“এখন যদি আতঙ্কের কোনো কাজ বা যদি কোনো উস্কানি দেওয়া হয়। আমাদের ওপর যদি ঝাঁপিয়ে পড়ে, আমরা কী চুপ করে বসে থাকব?” একই সঙ্গে বলেন তিনি।

ভারতের হাই কমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এটা ছিল সৌজন্য সাক্ষাৎ।

“তিনি প্রথম এসেছেন, এটি সৌজন্য সাক্ষাৎ।”

তবে এর মধ্যেও দ্বিপক্ষীয় কিছু বিষয় আলোচনায় এসেছে জানিয়ে তিনি বলেন, “সড়ক যোগাযোগ নিয়ে আমাদের কিছু প্রকল্প আছে। সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হয়েছে, এ ব্যাপারে ভারতীয় হাইকমিশনার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন।”