গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে জাসদের বিক্ষোভ
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ, সমাবেশে বলেন নেতারা।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলা, হত্যাযজ্ঞ ও অমানবিক অবিরোধের প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা থেকে শুরু মিছিলটি গুলিস্তান, পল্টন, তোপখানা ও প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ, মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বলেন নেতারা।
সমাবেশে জাসদের সহ সভাপতি সফি উদ্দিন মোল্লা বলেন, "যুগের পর যুগ ইসরায়েলি দখলদারিত্ব, গণহত্যা, বর্বরতা প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো প্রমাণ করেছে তাদের মুখে মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীনতা কথা ভন্ডামি ছাড়া আর কিছুই নয়।
"স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।"
সমাবেশে জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, তথ্য গবেষণা সম্পাদক জুলফিকার মান্নান জামি, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদ নেতা হুমায়ুন সরদার, জাকির হোসেন, জাসদ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, কার্যকরি সভাপতি আমিনুল আজিম বনি, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ বক্তব্য রাখেন।
