২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে আগ্রহী মানুষ, প্রমাণ পাঁচ সিটি নির্বাচনে: কাদের

ভোটারদের স্বস্তঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশেই সংসদ নির্বাচন হবে বলে আশা করছেন কাদের; তিনি বলেছেন, “জনগণের রায়েই সরকার পরিবর্তন হবে।”

ভোটে আগ্রহী মানুষ, প্রমাণ পাঁচ সিটি নির্বাচনে: কাদের

ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 07:01 PM

Updated : 06 Jul 2023, 07:01 PM

বিএনপি না এলেও ভোটে যে জনগণের আগ্রহ আছে, তার প্রমাণ পাঁচ সিটি নির্বাচনে মিলেছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, জনসমর্থন না থাকার ভয় থেকে বিএনপি নির্বাচন নিয়ে ‘বিভ্রান্তিকর ও অযৌক্তিক অপপ্রচার’ চালাচ্ছে।

বৃহস্পতিবার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে ক্ষমতাসীন দলের নেতা এ কথা বলেন। তার অভিযোগ, বিএনপি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত।

জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মন্তব্য করে কাদের বলেন, “সম্প্রতি সিটি করপোরেশন নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, নির্বাচন নিয়ে জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।

“বিএনপি ও তাদের জোটে থাকা রাজনৈতিক দলসমূহ নির্বাচনে অংশগ্রহণ না করলেও এ সকল নির্বাচনে ৫০ শতাংশের উপরে ভোটাররা ভোট প্রদান করেছে।”

বিএনপি আজ ‘জনসমর্থন শূন্য’ হয়ে পড়েছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “জনবিচ্ছিন্ন বিএনপি জনগণের মুখোমুখি হতে ভয় পায়। তাই তারা নির্বাচনবিরোধী অবস্থান থেকে নির্বাচনকে ভোটারশূন্য করার নানামুখী ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে।

“জনগণ বিএনপিকে বিশ্বাস করে না এবং বিএনপির কোনো চক্রান্তই সফল হবে না।”

ভোটারদের স্বস্তঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা করছেন কাদের। তিনি বলেছেন, “জনগণের রায়েই সরকার পরিবর্তন হবে।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক নানা বক্তব্যের নিন্দা জানিয়ে কাদের বলেন, “এদেশে ভোটারবিহীন নির্বাচনের প্রবক্তা বিএনপি।

“তথাকথিত ‘হ্যাঁ-না’ ভোটের মাধ্যমে সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান শাসনতান্ত্রিক বৈধতা অর্জনের পাঁয়তারা চালায়। আর তার পদাঙ্ক অনুসরণ করে খালেদা জিয়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন প্রহসনের নির্বাচন আয়োজন করেছিল।”

বিএনপির সময় নির্বাচন কমিশনের স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার কোনো সুযোগ ছিল না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা। বলেন, “তখন নির্বাচন কমিশন ছিল প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের বিশেষ কোনো সক্ষমতাই ছিল না।

“প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশনকে সাংবিধানিক বিধান অনুযায়ী একটি স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করেছেন। এর পাশাপাশি নির্বাচন কমিশনের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করেছেন। বিশেষত সাংবিধানিক প্রক্রিয়াকে আরও সুদৃঢ় করতে নির্বাচন কশিমন গঠনে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করেছেন।”

বিএনপির আমলে কোনো প্রতিষ্ঠানই স্বাধীনভাবে পরিচালিত হয়নি বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, “তাদের সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) ছিল একটি নখ-দন্তহীন বাঘ। বিচার বিভাগ পরিচালিত হত বিএনপির মতাদর্শ অনুসরণ করে। দলীয় ও বিতর্কিত লোকদের নিয়োগ দিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে কলঙ্কিত করেছিল।

“তাদের সময় কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়নি বরং ক্ষমতাকে কুক্ষিগত করার অপচেষ্টায় তারা গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করেছে। বিএনপি ক্ষমতা দখল করে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করার পাশাপাশি রাষ্ট্রব্যবস্থাকে অকার্যকর করেছিল। পুনরায় তারা ক্ষমতায় আসলে সেই ধ্বংসাত্মক রাজনীতির পুনরাবৃত্তি ঘটাবে।”