২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব, জিজ্ঞাসা ফখরুলের

“পরিষ্কার করে বলতে চাই, এবার দিন আপনাকেও গুনতে হবে”, প্রধানমন্ত্রীতে উদ্দেশ করে বলেন বিএনপি নেতা।

সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব, জিজ্ঞাসা ফখরুলের

ঢাকায় গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 09:10 PM

Updated : 06 Oct 2023, 09:10 PM

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব সে প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অবাধ, নিরপেক্ষ নির্বাচন তাকে ‘শেখাতে হবে না’ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবারের সংবাদ সম্মেলন করে যে বক্তব্য রেখেছেন কিছুক্ষণ পরেই রাজধানীতে গণঅধিকার পরিষদের এক সমাবেশে বিএনপি নেতা এই প্রতিক্রিয়া জানান।

বিকালে ফকিরাপুল কালভার্ট রোড মোড়ে এই সমাবেশ হয় ‘গণতন্ত্র ও ভোটাধিকারের’ দাবিতে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কয়েকশ নেতা-কর্মী এতে অংশ নেয়।

ফখরুল বলেন, “তারা (সরকার) বলতে শুরু করেছে এবং জোরেশোরে চিৎকার করে বলেছে যে, আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করব, সেইভাবে নির্বাচন হবে এবং সেটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে। কিছুক্ষণ আগে আওয়ামী লীগের সভানেত্রী গণভবনে সংবাদ সম্মেলন করে একই কথা বলেছেন।

“এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা দিয়ে মানুষকে প্রতারণা করা, তাদেরকে বোকা বানানোর চেষ্টা করা এবং খালি মাঠে আমরা যেটাকে বলি ওয়াকওভার নিয়ে আবার সরকার গঠন করা।”

বিএনপি নেতা বলেন, “আপনারা বারবার বলেন যে, নির্বাচন সুষ্ঠু অবাধ হবে, নিরপেক্ষ হবে। যদি আপনি পেছন দিকে তাকিয়ে দেখেন, গত ১৫ বছরে বিরোধী দল তথা বিএনপির ৪৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দিয়েছেন।

“আপনারা ছয়শর অধিক নেতা-কর্মীকে ‘গুম’ করে দিয়েছেন, হাজার হাজার মানুষকে ‘বিনা বিচারে’ হত্যা করেছেন এবং পত্রপত্রিকায় এখন বেরিয়ে এসেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে যত মামলা।

“আমাদের সাইফুল ইসলাম নীরবের বিরুদ্ধে সাড়ে পাঁচশ মামলা, সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে তিনশ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে আছে প্রায় চারশ… এরকম সমস্ত নেতাদের বিরুদ্ধে এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬টা মামলা, আমার বিরুদ্ধে আছে ৯৮টা। এ রকম সমস্ত নেতা, স্থায়ী কমিটির সদস্যদের বিরুদ্ধে মামলা আছে।”

এত বছর মামলাগুলো ‘ফেলে রেখে দেওয়া হয়েছিল’ জানিয়ে ফখরুল বলেন, “এখন তারা অতি দ্রুত এই মামলাগুলো নিষ্পত্তি করে বিরোধীদের নেতাদের সাজা দেয়ার জন্য স্পেশাল সেল তৈরি করেছে।

“তারা নির্দেশ দিয়েছে ম্যাজিস্ট্রেটদেরকে; বিচারকদেরকে, অতি দ্রুত বিচার দুই মাসের মধ্যে শেষ কর এবং পরিস্কার বলেছে, যেগুলোর চার্জসিট হয় নাই, সেগুলোর চার্জসিট কর অতি দ্রুত। এগুলোর নাম হচ্ছে তাদের সুষ্ঠু নির্বাচন।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বহুল ব্যবহৃত একটি বক্তব্য তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “উনি সবসময় বলেন না যে, ‘খেলা হবে হবে’, খেলবেন কী? কার সঙ্গে খেলবেন? যাদের সঙ্গে খেলবেন তাদের জেলে পাঠিয়ে দিচ্ছেন।”

ফখরুলের দাবি, বিরোধী দলকে চাইরে রেখে নির্বাচন করার ব্যাপারে পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো বাধা দিয়েছে।

“তারা বলেছে, ওই ধরনের ওয়াকওভার মার্কা নির্বাচন চলবে না। এবার একটা সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। আমরা বলেছি, ওই নির্বাচন হতে হলে হাসিনার অধীনে হবে না, সম্ভব নয়। সুতরাং আমাদের কথা একটাই যে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না”, বলেন তিনি।

সরকার পতনে আশাবাদী

বিএনপির রোড মার্চগুলোতে লাখ লাখ মানুষ সরকারের পদত্যাগ চেয়েছে বলেও দাবি করেন ফখরুল।

এ দেশের মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে মন্তব্য করে তিনি বলেন, ‘তারা এক বাক্যে এই সরকারের পদত্যাগ চাই।”

বিএনপি নেতা বলেন, “আজকে তরুণরা বেরিয়ে এসেছে, আমি আশাবাদী। তরুণ-যুবকদের বলছি, আমরা যখন তরুণ-যু্বক ছিলাম আমরা যুদ্ধ করেছি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। নব্বই সালে আমাদের ছাত্র-যু্বকেরা তারা সংগ্রাম করে স্বৈরাচারকে হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব।

‘দিন আপনাকেও গুনতে হবে’

বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের নিন্দাও জানান ফখরুল। তিনি বলেন, “প্রধানমন্ত্রী এমন কথা বলছেন, যা মুখে আনা যায় না, অশালীন অরুচিকর কথা।

“আপনি যে তার মৃত্যু চান, তাকে হত্যা করতে চান, এটা পরিষ্কার আপনার কথায়।”

“পরিষ্কার করে বলতে চাই, এবার দিন আপনাকেও গুনতে হবে। আপনি কতদিন টিকে থাকবেন এই ক্ষমতায়? জনগণ আপনাকে টেনে হিঁচড়ে নামাবে।”

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাশেদ খানের সঞ্চালনায় সংহতি সমাবেশে কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, রিপাবলিকান পার্টির কেএম আবু হানিফও বক্তব্য রাখেন।