নির্বাচন নিয়ে জামায়াত জোটের ‘শঙ্কা’, বড় কর্মসূচির হুঁশিয়ারি
মামুনুল হক বলেন, “সরকারের ও ইসির যে ভূমিকা, তাতে সহসাই আমাদের বড় ধরনের কর্মসূচির দিকে যেতে হতে পারে।”
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
জোটের অন্যতম নেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক হুঁশিয়ারি দিয়েছেন, সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকার পরিবর্তন না হলে তাদের জোটকে ‘বড় কর্মসূচির দিকে’ যেতে হতে পারে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, “স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমাদের অনেক শঙ্কা। এই নির্বাচন একেবারে নিরপেক্ষ হবে, এমন আস্থা আমরা রাখতে পারছি না।”
নির্বাচন কমিশনের সচিব পর্যায়ে দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এ বিষয়ে সরকার ‘নির্লজ্জ ভূমিকা’ পালন করছে। এ নিয়ে জামায়াত নেতৃত্বাধীন জোট ‘উদ্বিগ্ন’।
ঠাকুরগাঁও-২ আসনের উপনির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মামুনুল হক।
সরকার ও নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, “আমরা চাই নির্বাচন কমিশন যেভাবে নিরপেক্ষ ভূমিকা রাখার কথা, সেই ভূমিকা আমরা দেখতে চাই।
“এর ব্যত্যয় ঘটলে আমরা চুপ করে বসে থাকব না। আমরা নিরপেক্ষ নির্বাচন আদায় করার এবং বাংলাদেশের মানুষের যে দীর্ঘ সংগ্রাম জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যেকোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করব।”
মামুনুল হক বলেন, “এ ব্যাপারে আমরা মনে করছি সরকারের ও ইসির যে ভূমিকা, তাতে সহসাই আমাদের বড় ধরনের কর্মসূচির দিকে যেতে হতে পারে। আমরা এজন্য আগাম সতর্কবার্তা জারি করে রাখছি। আমরা আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে, না হলে আমরা কঠোর পথে হাঁটতে বাধ্য হব।”
আইজিপি এবং ক্রসফায়ার
সরকারের অনুমতি পেলে পুলিশ ‘ক্রসফায়ার’ করবে– পুলিশের মহাপরিদর্শকের এমন বক্তব্যের বিষয়ে মামুনুল বলেন, “এটা খুবই আতঙ্কজনক ও অ্যালার্মিং একটি বিষয়। একটি দেশের আইন-শৃঙ্খলার সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি কীভাবে বিচারবহির্ভূত ক্রসফায়ারের মত এই জাতীয় বক্তব্য দিতে পারেন, এতে আমরা স্তম্ভিত এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা শঙ্কিত।’’
প্রধানমন্ত্রীর জাপান সফরে তার সফরসঙ্গীদের নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত জোটের এই নেতা।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর এই রাষ্ট্রীয় সফরে উনার সফরসঙ্গীসহ যাবতীয় যে আয়োজন, এতে বাংলাদেশের মানুষ খুবই হতবাক। এমন এমন ব্যক্তিদেরকে নিয়ে তিনি এই রাষ্ট্রীয় সফর করছেন, যাদের আদৌ রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার মত যোগ্যতা নেই অথবা রাষ্ট্রীয় কোনো প্রোটোকলেও তারা পড়েন না।
“এই জাতীয় গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরকে একটা ঘোরাফেরা এবং বিনোদনের সফরে পরিণত করার মত আয়োজন আমরা দেখতে পাচ্ছি।’’
মামুনুলের প্রশ্ন, “তো দেশটা আসলে চলছে কোথায়? প্রধানমন্ত্রী কাদেরকে নিয়ে দেশ চালাচ্ছেন এবং এই দেশ কোনো দিকে অগ্রসর হচ্ছে? এ বিষয়গুলো আজকে জাতির মধ্যে সংশয় সৃষ্টি করছে। আমরা আশা করব এ বিষয়গুলো নিয়ে সরকার আরো চিন্তাভাবনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন।”
জাতীয় সংসদের আসন্ন অধিবেশ নিয়ে মামুনুল হক বলেন, “এই অধিবেশন নিয়ে বিরোধী দলের শঙ্কা আছে। এই অধিবেশনে তারা যে এজেন্ডাগুলো রেখেছে, সেগুলোতে কতটা জনবান্ধব সিদ্ধান্ত নেওয়া হবে এবং বিরোধী দলকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো ঐকমত্যের ভিত্তিতে সমাধান করতে চান কি না, সরকারের সেই আন্তরিকতা নিয়েও আমরা সন্দিহান।’’
লংমার্চ
মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক হয়।
বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ আয়োজন নিয়ে আলোচনা হয়।
সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে এসে লংমার্চ ‘সফল’ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মামুনুল হক।
এই লং মার্চ গোপালগঞ্জ জেলা হয়ে খুলনায় যাবে, তাতে কোনো আশঙ্কা আছে কিনা–এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, ‘আমরা সেই আশঙ্কা করি না । আমরা মনে করি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সেখানে সজাগ থাকে, তাহলে কোনো ধরনের আশঙ্কা আমরা করি না এবং আমরা আমাদের কর্মসূচি স্বাভাবিকভাবেই পালন করব।
‘‘আমাদের নিজস্ব দলীয় নেতাকর্মীরা রয়েছেন, জনগণ আছেন। আমরা আশা করি গোপালগঞ্জে ইসলামপন্থি এবং দেশপ্রেমিক বিপুল জনগোষ্ঠী আছেন, তারা এবার ব্যাপকভাবে রাজপথে থাকবেন এবং কোনো ধরনের দুভিসন্ধিমূলক অপতৎপরতা বা সন্ত্রাসী কার্যকলাপকে রাজপথে মোকাবেলা করা হবে।’’
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে ১১ দলীয় ঐক্যের এই নেতা বলেন, ‘‘প্রশাসন যেন যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে; কোনো অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হলে এর দায়িত্ব সম্পূর্ণ সরকার এবং প্রশাসনকেই বহন করতে হবে।’’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জোটের জ্যেষ্ঠ নেতারা বৈঠকে অংশ নেন।
