১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি ভোট শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘আরও ভালো হবে’, আশা সিইসির

ধাপভিত্তিক ইউপির তালিকা বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার কথা রয়েছে।

ইউপি ভোট শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘আরও ভালো হবে’, আশা সিইসির

সিইসি এ এম এম নাসির উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 11:56 PM

Updated : 18 Nov 2026, 11:56 PM

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা চূড়ান্ত করে ওয়েবসাইটে প্রকাশের প্রক্রিয়া চলছে।

কিন্তু দেশের বিভিন্ন স্থানে যে সংঘাতে ঘটনা ঘটছে, তা ডিসেম্বরেও চলতে থাকলে ইউনিয়ন পরিষদ নির্বাচন ব্যাহত হবে না তো?

জবাবে সিইসি বলেছেন, তিনি মনে করেন এসব ঘটনায় ইউপি নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। বরং ভোট শুরু হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির ‘আরও উন্নতি হবে’।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) একটি কর্মশালা উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ডিসেম্বরে স্থানীয়ভাবে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবে। ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ভোট হবে।

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত জুলাই মাসে রয়টার্সকে বলেছেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে তিনি দেশে ফেরার পরিকল্পনা করেছেন।

এর চার মাস পর ৯ নভেম্বর সেই রয়টার্সেরই আরেক খবরে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন জানানোর কথা সামনে আসে।

এমন প্রেক্ষাপটে দেশের ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুরসহ দেশে কয়েকটি স্থানে বাসে আগুন, হাতবোমা বিস্ফোরণ ঘটনা ঘটছে। আগুনের ঘটনা ঘটেছে এমপি ও সাবেক মন্ত্রীর বাড়িতে। হামলা-সংঘর্ঘে কয়েকজন হতাহত হয়েছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে রাজধানীর ককটেল বিস্ফোরণের ঘটনা বেশি হওয়ার কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা-ডিবির প্রধান শফিকুল ইসলাম।

তিনি বলেন, “এ মাসে দুইটা লকডাউন গেছে। তারা একটা কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি এগিয়ে আসছে। এ নিয়ে তাদের তৎপরতা; তারা যে আছে এটা প্রকাশ করার জন্য।”

এমন পরিস্থিতি তুলে ধরে ইউপি নির্বাচনে প্রভাব পড়বে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সিইসি নাসির উদ্দিন বলেন, “প্রত্যাশা করি, সবার সহযোগিতা নিয়ে আমাদের প্রত্যাশা অনুযায়ী ভালো নির্বাচন ডেলিভার করব।”

তিনি বলেন, “কমিশনের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে ইতোমধ্যে। নির্বাচনটা শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হয়ে যাবে মনে করি। সবাই এনগেজ হয়ে যাবে, নির্বাচনমুখী হয়ে যাবে। আমরা রাজনৈতিক দলের সঙ্গে বসব। দলসহ সবার সহযোগিতা চাইব।”

নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করে এবং সবার জন্য সুন্দর পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হবে। সবাই সহযোগিতা করলে কোনো অসুবিধা হবে না।

এবার নির্দলীয় স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে। ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।

সিইসি বলেন, “আমরা ঘোষণা দিয়ে দিয়েছি (ভোটের তারিখ), ফেইজগুলো বলে দিয়েছি, কোনটা কোন তারিখে ভোট। যথাসময়ে তফসিল হয়ে যাচ্ছে।”

গোপালগঞ্জ, ফরিদপুরে সংঘাতের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “আমরা ধাপে ধাপে করছি; সারাদেশে একদিনে করছি না। আমরা আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে ধাপগুলো ঠিক করেছি। আমরা হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এমন নয়।”

সোমবার কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। এ ছাড়া দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১৩০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

তিনি জানান, কোন ইউনিয়নে কবে ভোট হবে, সেই পূর্ণাঙ্গ তালিকা বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পুরনো খবর:

আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছে: ঢাকার ডিবি প্রধান
কোন ধাপে কতটি ইউনিয়নের ভোট, জানাল ইসি