১৬ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

কোন ইউপিতে কবে ভোট, তালিকা চূড়ান্ত করতে বৈঠকে ইসি

আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট হওয়ার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 12:05 PM

Updated : 16 Nov 2026, 12:05 PM

ইউনিয়ন পরিষদ নির্বাচন যে পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা রয়েছে, তাতে কোন ধাপে কোন ইউপির ভোট হবে—সেই তালিকা চূড়ান্ত করতে সভায় বসেছে ইসি।

এ বৈঠকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও বিতরণ নিয়েও আলোচনা হবে।

সোমবার বেলা ১১টা থেকে নির্বাচন ভবনে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনের ১৪তম সভা শুরু হয়।

সভায় উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিব আখতার আহমেদ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, পাঁচ ধাপে ইউপি নির্বাচন হবে। ইউনিয়ন পরিষদগুলোর তালিকা পর্যালোচনা করা হচ্ছে। কমিশন সভায় তা চূড়ান্ত করা হবে।

ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এসব ইউপির নির্বাচনি তফসিল ঘোষণা করবেন।

এদিকে স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত বিষয়ও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে।

নির্বাচন কমিশনের আইডিইএ (আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।