বক্তব্য প্রত্যাহার করে ‘ক্ষমা’ চাইলেন আলাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি করার’ অভিযোগে মামলা এবং ক্ষোভ-বিক্ষোভের মধ্যে নিজের বক্তব্য প্রত্যাহার করে ‘ক্ষমা চেয়েছেন’ বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
বুধবার সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে তিনি লিখেছেন, “আমি প্রিয় স্বদেশ ভূমি থেকে হাজার মাইল দূরে জীবন সংকটে চিকিৎসাধীন আছি। আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে। সঙ্গত কারণেই সকল দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে।
“তারপরও বিলম্বে আমি জেনেছি অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে। দীর্ঘ ৪৯ বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারো সম্মান, অনুভূতি, বিশ্বাসে আঘাত করিনি।
“তবুও মানুষ হিসেবে আমি তো ভুলের ঊর্ধ্বে নই।তাই বলছি কোনো অসর্তক মুহূর্তে কথা কিংবা বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন অনুভূতিতে, তাদের সকলের নিকট আমি ক্ষমাপ্রার্থী।
আলাল লিখেছেন, “একই সঙ্গে উক্ত বক্তব্য আমি প্রত্যাহার করছি। ভালো থাকুক আমার প্রিয় স্বদেশ, শান্তিপূর্ণ থাকুক বাংলাদেশ।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই বিএনপি নেতা আলালের একটি বক্তব্যের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে দেশের কয়েক জায়গায় মামলা হয়, বিভিন্ন স্থানে দাহ করা হয় আলালের কুশপুতুল।
এই প্রেক্ষাপটে মঙ্গলবার ‘ক্ষমা চেয়ে’ বিবৃতি পাঠালেন আলাল, যিনি কিডনির অস্ত্রোপচারের জন্য বর্তমানে চেন্নাইয়ে অবস্থান করছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি করায়’ আলালকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এছাড়া হাই কোর্ট আলালের ওই ‘কটূক্তিপূর্ণ বক্তব্য’ ইন্টারনেট থেকে সরিয়ে নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসিকে নির্দেশ দেয়।
মঙ্গলবার বিবৃতি পাওয়ার পর টেলিফোনে যোগাযোগ করা হলে আলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমি কখনোই জ্ঞাতসারে এমন কোনো কথা বলি নাই যাতে কারো প্রতি অসন্মান করা হয়, কারো অনুভূতিতে আঘাত দেয়া হয় কিংবা কারো বিশ্বাসে আঘাত দেওয়া হয়।
“আমি মনে করি আমার বক্তব্যকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি করা হয়েছে তা ষড়যন্ত্রমূলক। উদ্দেশ্য একটাই- জাতীয়তাবাদী শক্তির জনপ্রিয়তাকে খাটো করা, বিতর্কিত করা।”
আরও পড়ুন-
