২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে প্রতিনিধি বাড়াতে বিএনপির চিঠি

নতুন ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় প্রতিনিধি দলে আরও তিন নেতাকে যুক্ত করার অনুরোধ জানিয়ে বঙ্গভবনে চিঠি পাঠিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2016, 03:08 PM

Updated : 20 Aug 2022, 02:30 PM

রোববার অনুষ্ঠেয় এই সংলাপে অংশ নিতে এর আগে ১০ নেতার তালিকা বঙ্গভবনে পাঠিয়েছিল বিএনপি। এখন তার সঙ্গে স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, মির্জা আব্বাস ও রফিকুল ইসলাম মিয়ার নাম যোগ করার অনুরোধ গেছে।

চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস‌্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম আগে জমা দেওয়া হয়েছিল।

নতুন তিনজনকে প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করতে মহাসচিব ফখরুল স্বাক্ষরিত চিঠি রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবকে পাঠানো হয়েছে বলে শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার বিএনপির আগের চিঠি পাওয়ার পর বঙ্গভবনের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, দলটির প্রতিনিধি দলে আরও ৪-৫ জন সদস্য যোগ হতে পারেন।

Image
.

.

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেছিলেন, “বিএনপির প্রতিনিধি দলের সদস্য বাড়ানো হলে অন্যান্য দলের প্রতিনিধিও বাড়তে পারে।”

সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের সংলাপ শুরু করতে যাচ্ছেন রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদ।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডাম আগামীকাল গুলশানের বাসা থেকে বিকাল ৩টায় বঙ্গভবনের উদ্দেশে বেরিয়ে প্রথমে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। সেখান থেকে প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে বঙ্গভবনে যাবেন।”

কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ফেব্রুয়ারিতে। সংবিধান অনুযায়ী নতুন ইসি গঠনের এখতিয়ার রাষ্ট্রপতির। সেজন‌্য তিনি রাজনৈতিক দলগুলোর মতামত শুনে সার্চ কমিটি গঠন করে নতুন ইসি নিয়োগি দেবেন।

বর্তমান ইসিকে ‘সরকারের আজ্ঞাবহ’ বলে আসা বিএনপি সব রাজনৈতিক দলের আস্থাশীল কমিশন গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে আসছে।

পুরনো খবর:

সংলাপ: বিএনপির ১০ জনকে আমন্ত্রণ বঙ্গভবনে
সংলাপ: বিএনপির নেতৃত্ব দেবেন খালেদা
‘খাঁচায় পোষা’ নয়, মুক্ত ইসি চায় বিএনপি