২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খাঁচায় পোষা’ নয়, মুক্ত ইসি চায় বিএনপি

সব দলের মতামতের ভিত্তিতে সরকারের প্রভাবমুক্ত একটি নির্বাচন কমিশন আশা করছে বিএনপি, যাদের অধীনে আগামী সাধারণ নির্বাচন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2016, 01:05 PM

Updated : 20 Aug 2022, 02:30 PM

নতুন ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বিএনপির অংশগ্রহণের উদ্দেশ‌্য তুলে ধরে দলটির জ‌্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার এক সংবাদ সম্মেলনে এই প্রত‌্যাশার কথা জানান।

তিনি বলেন, “জনগণের প্রত্যাশা একটি নিরপেক্ষ-স্বাধীন নির্বাচন কমিশন, যা সরকারের আবরণীয় বা তাদের সোনার খাঁচার মধ্যে পোষা একটা পাখি হবে না।

“এটা সত্যিকার অর্থেই সাংবিধানিক প্রতিষ্ঠান হবে, যে প্রতিষ্ঠান সরকারের রক্তচক্ষু অথবা তাদের অশুভ ইচ্ছাকে ডিফাই করে জনগণের ভোট গ্রহণ নিশ্চিত করবে।”

“আমরা রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা করব, সেই ধরনের নির্বাচন কমিশন, যে ধরনের কমিশনের প্রতি সকল দলের আস্থা থাকবে, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির আস্থা থাকবে।”

বর্তমান নির্বাচন কমিশনকে ‘সরকারের আজ্ঞাবহ’ আখ‌্যায়িত করে তাদের অধীনে সংসদ নির্বাচনে অংশ না নিলেও স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি।

কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধী বর্তমান ইসির মেয়াদ আর দুই মাস। নতুন ইসি গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইতোমধ‌্যে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় ডেকেছেন।

রোববার বিকালে বিএনপির সঙ্গে আলোচনার মধ‌্য দিয়ে রাষ্ট্রপতির এই সংলাপ শুরু হবে। বিএনপির প্রতিনিধি দলে দলের চেয়ারপারসন খালেদা জিয়া নেতৃত্ব দেবেন।

নতুন নির্বাচন কমিশন নিরপেক্ষ ব‌্যক্তিদের নিয়ে গঠনের উপর জোর দেন বিএনপি নেতা রিজভী।

“সব দলের আস্থা ব্যতিরেকে বর্তমান সংবিধান অনুযায়ী বা প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী যদি শুধু শাসক দলের অনুগত লোকদের খোঁজেন, তাহলে তো এটা আস্থাশীল কোনো ঘটনা হবে না।”

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।

“এই নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেলেও সন্ত্রাসীদের সহিংস ভঙ্গি প্রদর্শনের নানা আলামত ফুটে উঠেছে। ইতোমধ্যে জেলার বহুল আলোচিত ৭ খুনের মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।”

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না, তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব‌্য করেন তিনি।

ভোট ডাকাতি ও কারচুপি ঘটলে তখন যদি নির্বাচন কমিশন সরকারের স্বার্থরক্ষায় তৎপর থাকে, তার প্রতিক্রিয়ার জন্যও তাদের তৈরি থাকার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন রিজভীর সঙ্গে ছিলেন যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সানাউল্লাহ মিয়া, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, আসাদুল করীম শাহিন, বাবুল আহমেদ, কাজী আবুল বাশার।