২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ: বিএনপির ১০ জনকে আমন্ত্রণ বঙ্গভবনে

নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপে যোগ দিতে বিএনপিকে ১০ সদস্যের প্রতিনিধি দলের নাম পাঠাতে বঙ্গভবনের পক্ষ থেকে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 04:44 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়ার স্বাক্ষরিত এক চিঠিতে বিএনপিকে বলা হয়েছে, ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিনিধি দলের নামের তালিকা বঙ্গভবনে পাঠাতে।

সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে ১৮ ডিসেম্বর আলোচনার মধ‌্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন রাষ্ট্রপ্রধান আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে (সোমবার) দুপুরের পর পাঁচটি রাজনৈতিক দলকে চিঠি পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য নিবন্ধিত দলগুলোকে চিঠি পাঠানো হবে।”

প্রেস সচিব এর আগে জানিয়েছিলেন, বিএনপির পর ২০ ডিসেম্বর সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও কৃষক-শ্রমিক জনতা লীগ এবং ২২ ডিসেম্বর জাসদের সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি।

দলগুলোর সাধারণ সম্পাদক/মহাসচিবকে উদ্দেশ করে চিঠি পাঠানো হয়েছে বঙ্গভবন থেকে। বিএনপির চিঠি গেছে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানায়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো চিঠিতে বলা হয়েছে-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮ অনুচ্ছেদে দেশের মহামান্য রাষ্ট্রপতিকে প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন কমিশনার নিয়োগের বিষয়ে ক্ষমতা প্রদান করা হয়েছে। যেহেতু নির্বাচন কমিশনের মেয়াদ শীঘ্রই উত্তীর্ণ হচ্ছে, সেহেতু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ সাপেক্ষে নির্বাচন কমিশন গঠনে মাহামান্য রাষ্ট্রপতি আগ্রহ ব্যক্ত করেছেন। সেই লক্ষ্যে আগামী ১৮ ডিসেম্বর, ২০১৬ খ্রিঃ বিকেল ৪.৩০ টায় বঙ্গভবনে মাহামান্য রাষ্ট্রপতি আপনার দলের নেতৃবৃন্দের সাথে মত-বিনিময়ের সানগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন।

বেলা আড়াইটার দিকে রাষ্ট্রপতির কার্যালয়ের চিঠিটি গ্রহণ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মনে করি, নির্বাচন কমিশন গঠনে মহামান্য রাষ্ট্রপতির এটি প্রাথমিক পদক্ষেপ।”

১০ সদস্যের নামের তালিকার বিষয়ে রিজভী বলেন, “চেয়ারপারসনের সাথে আলাপ-আলোচনা করে এটি ঠিক করবেন মহাসচিব।”

গত ৬ ডিসেম্বর দলের রিজভী ও ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মা‌ইনুর রহমানের সঙ্গে দেখা করে খালেদা জিয়ার দেওয়া নির্বাচন কমিশন গঠন ও শক্তিশালীকরণের প্রস্তাব দিয়ে এসেছিলেন।

 

পুরনো খবর:

ইসি: সংলাপ শুরু ১৮ ডিসেম্বর, প্রথম দিন বিএনপি