২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে অগাস্ট মামলার তদন্ত কর্মকর্তাকে তারেকের পক্ষে জেরা

একুশে অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় পলাতক আসামি তারেক রহমানের পক্ষে জেরা মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ সুপার আব্দুল কাহার আকন্দকে জেরা শুরু হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 07:12 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

পুরনো খবর:

মুদ্রা পাচার: সাজা খাটতে তারেকের বিরুদ্ধে পরোয়ানা
একুশে অগাস্ট হামলায় ‘তারেকের ষড়যন্ত্রের’ কথা বললেন তদন্ত কর্মকর্তা

ঢাকার এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে সোমবার রাষ্ট্রপক্ষের এই সাক্ষীকে জেরা করা হয়।

আগামী মঙ্গলবার বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেকের পক্ষে কাহার আকন্দকে জেরা করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এ মামলায় পলাতক ১৪ আসামির মধ্যে নয়জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে বলে রাষ্ট্র স্বপ্রণোদিত হয়ে আইন অনুযায়ী তাদের পক্ষে লড়ার জন্য আইনজীবী নিয়োগ দিয়েছে।

হত্যায় অভিযুক্ত নয় আসামির মধ্যে তারেক ছাড়া বাকিদের পক্ষে কাহার আকন্দকে জেরা শেষ করা হয়েছে বলে জানান আবু আবদুল্লাহ।

তারেক রহমানের পক্ষে জেরায় অংশ নিচ্ছেন আইনজীবী আকতার হোসেন।

২০০৪ সালের ২১ অগাস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলটির তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ জন আহত হন।

সন্ত্রাসবিরোধী ওই সমাবেশের প্রধান অতিথি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ামাত্র গ্রেনেড হামলা ও গুলিবর্ষণ শুরু হয়। এতে অল্পের জন্য শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও গ্রেনেডের প্রচণ্ড শব্দে তার শ্রবণশক্তি নষ্ট হয়।

বিএনপি-জামায়াত জোট আমলে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার পর তত্ত্বাবধায়ক সরকার আমলে অভিযোগপত্র দিয়ে বিচার শুরু হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর অধিকতর তদন্ত হয়। এতে আসামির তালিকায় যোগ হন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ ৩০ জন।

প্রথম অভিযোগপত্রে তারেকের নাম না থাকলেও পরের সম্পূরক অভিযোগপত্রে তারেকের নাম কেন ও কিভাবে যুক্ত করা হয়- সোমবার প্রায় পৌনে এক ঘণ্টা ধরে তারেক রহমানের পক্ষে জেরার মূল লক্ষ্য ছিল মূলত এসব বিষয়ে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ বিশেষ সুপার কাহার আকন্দ হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় সম্পূরক হিসেবে সর্বশেষ অভিযোগপত্র আদালতে জমা দিয়েছিলেন। তিনি ছিলেন এ দুই মামলার চূড়ান্ত তদন্ত কর্মকর্তা।

গত ২৪ সেপ্টেম্বর থেকে কাহার আকন্দ জবানবন্দি দেওয়া শুরু করার পর ৩১ অক্টোবর তা শেষ হয়; এরপর ১ নভেম্বর থেকে আসামিদের পক্ষে তার জেরা শুরু হয়।

তারও আগে মামলাটিতে প্রথম অভিযোগপত্র দাখিলকারী তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী সুপার মো. ফজলুল কবীর সাক্ষ্য দেন।

মামলায় আসামি খালেদা জিয়ার ভাগ্নে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সী আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে রয়েছেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ ২৪ জন কারাগারে এবং বিএনপির চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানসহ ১৯ জন পলাতক।

মানবতাবিরোধী অপরাধে এ মামলার আরেক আসামি জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।