মুদ্রা পাচার: সাজা খাটতে তারেকের বিরুদ্ধে পরোয়ানা
মুদ্রা পাচার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে সাজার পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।
সোমবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এই পরোয়ানা জারি করেন।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত সংশ্লিষ্ট কর্মচারীর মাধ্যমে পরোয়ানা ক্যান্টনমেন্ট থানায় পাঠিয়ে দিয়েছে।
খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেককে না পেয়ে এই পরোয়ানা জারি হয়েছে। তিনি আট বছর ধরে সপরিবারে যুক্তরাজ্যে রয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের এই মামলায় বিচারিক আদালতের রায়ে তারেক খালাস পেয়েছিলেন।
তবে আপিলের রায়ে গত ২১ জুলাই হাই কোর্ট তারেককে সাত বছরের কারাদণ্ড এবং ২০ কোটি টাকা জরিমানা করে।
বিএনপি জামায়াত জোট সরকার আমলে তারেক এবং তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ২০ কোটি টাকা নেওয়ার পর বিদেশে পাচারের অভিযোগে ২০০৯ সালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেছিল দুদক।
তারেকের ভাই আরাফাত রহমান কোকো মুদ্রা পাচারের আরেক মামলায় দণ্ড নিয়ে পলাতক অবস্থায় মালয়েশিয়ায় মারা যান।
