২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে অগাস্ট হামলায় ‘তারেকের ষড়যন্ত্রের’ কথা বললেন তদন্ত কর্মকর্তা

একযুগ আগে আওয়ামী লীগের সমাবেশে আলোচিত একুশে অগাস্টের গ্রেনেড হামলার পেছনে বিএনপি নেতা তারেক রহমানসহ হাওয়া ভবনকেন্দ্রিক রাজনৈতিক নেতাদের ষড়যন্ত্র ছিল বলে আদালতকে জানিয়েছেন মামলার এক তদন্ত কর্মকর্তা।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 07:48 PM

Updated : 12 Apr 2022, 02:59 AM

ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে সোমবার জবানবন্দি দেন মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ বিশেষ সুপার আব্দুল কাহার আকন্দ।

গত ২৪ সেপ্টেম্বর শুরু হওয়া তার জবানবন্দি মঙ্গলবারও চলবে বলে জানান মামলায় রাষ্ট্রপক্ষের অন্যতম কৌঁসুলি আবু আব্দুল্লাহ ভূইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, একুশে অগাস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ জবানবন্দিতে হাওয়া ভবনের ষড়যন্ত্র, তারেক রহমান, আব্দুস সালাম পিন্টুসহ আরও কয়েকজনের ষড়যন্ত্রের কথা তুলে ধরেন।

এছাড়া তদন্তকালীন সময়ে ঘটনাস্থলের মানচিত্র ও সূচিপত্র নিজে তৈরি করেন এবং হাওয়া ভবনেও ষড়যন্ত্রের জায়গাগুলো পরিদর্শন করেন বলে আদালতকে জানিয়েছেন তিনি।

আব্দুল কাহার আকন্দই গ্রেনেড হামলার দুই মামলায় রাষ্টপক্ষের শেষ সাক্ষী হতে পারেন জানিয়ে আইনজীবী আবু আব্দুল্লাহ বলেন, এর পরে আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং যুক্তিতর্ক উপস্থাপনের দিন রাখা হবে। তার পর রায়ের দিন ধার্য হবে।

২০০৪ সালের ২১ অগাস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলটির তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ জন আহত হন।

সন্ত্রাসবিরোধী ওই সমাবেশের প্রধান অতিথি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ামাত্র গ্রেনেড হামলা ও গুলিবর্ষণ শুরু হয়। এতে অল্পের জন্য শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও গ্রেনেডের প্রচণ্ড শব্দে তার শ্রবণশক্তি নষ্ট হয়।

বিএনপি-জামায়াত জোট আমলে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার পর তত্ত্বাবধায়ক সরকার আমলে অভিযোগপত্র দিয়ে বিচার শুরু হয়।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর অধিকতর তদন্ত হয়। এতে আসামির তালিকায় যোগ হন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ ৩০ জন।

এরপর দ্রুতবিচার আদালতে থেকে দায়রা আদালত ঘুরে এসে আবার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এ চলছে হত‌্যা ও বিস্ফোরক আইনে করা মামলা দুটির বিচার।