২৮ অক্টোবর মতিঝিলে সমাবেশের ঘোষণা জামায়াতের
মতিঝিলে সমাবেশ করার অনুমতি চেয়ে জামায়াতের পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি দেওয়া হয়েছে।
সরকারের পদত্যাগের একদফা আন্দোলনে না থাকলেও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামী ২৮ অক্টোবর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
সোমবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
নির্বাহী পরিষদের এই সভায় সভাপতিত্ব করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মজিবুর রহমান।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আগামী ২৮ অক্টোবর শান্তিপূর্ণ মহাসমাবেশে সুশৃঙ্খলভাবে সমবেত হয়ে এক দফা দাবি কেয়ারটেকার সরকার বাস্তবায়নের আন্দোলনকে বেগবান করার আহ্বান জানাচ্ছে।”
এদিকে মতিঝিলে সমাবেশ করার অনুমতি চেয়ে জামায়াতের পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি দেওয়া হয়েছে।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জামায়াতের আবেদন পেয়েছি। আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।”
