‘সহিংসতার প্রতিবাদে’ ২১ নভেম্বর ঢাকায় জামায়াতের বিক্ষোভ
‘ফ্যাসিবাদের পুনর্বাসন রোধে’ সব রাজনৈতিক দল ও দেশপ্রেমিক শক্তিকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি নিয়ে মাঠে থাকার আহ্বান জানিয়েছে দলটি।
চলমান ‘সন্ত্রাস ও সহিংসতার’ প্রতিবাদে আগামী ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। ডিসেম্বরজুড়েও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।
এ ছাড়া ‘ফ্যাসিবাদের পুনর্বাসন রোধে’ সব রাজনৈতিক দল ও দেশপ্রেমিক শক্তিকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি নিয়ে মাঠে থাকার আহ্বান জানিয়েছে জামায়াত।
বুধবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। পরে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার বক্তব্য তুলে ধরা হয়।
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে পরওয়ার বলেন, “সরকার জুলাই সনদের গণভোটের রায় অগ্রাহ্য করে দেশ পরিচালনার যে মানসিকতা দেখাচ্ছে, তা থেকেই বর্তমান রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। অবিলম্বে জনগণের গণরায় মেনে নিয়ে রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।”
তিনি বলেন, “দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ এবং জননিরাপত্তাহীনতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। পুলিশ ও সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
দেশে ‘পরিকল্পিতভাবে’ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগকে ‘পুনর্বাসনের চেষ্টা’ চলছে বলেও অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
‘প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসরদের’ চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও আবদুল হালিম এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
