নয়া পল্টনে ‘যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলের ছায়া’ দেখছেন তথ্যমন্ত্রী
বিএনপি কার্যালয়ে বোমা পাওয়ার বিষয়টি তুলে ধরে যুক্তরাষ্ট্রের ওই সংঘর্ষের ঘটনার সঙ্গে এটির তুলনা করেন তিনি।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে ‘ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের’ হামলার ঘটনার মতই নয়া পল্টনে পুলিশের উপর ‘হামলার’ ঘটনা ‘শান্তিপূর্ণ’ ছিল না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
শুক্রবার ঢাকায় মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিবৃতির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি দুই ঘটনার তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেন।
তিনি বলেন, ৭ তারিখের ঘটনা (নয়া পল্টন) নিয়ে তদন্তের কথা বলেছেন। অবশ্যই তদন্ত হবে। কারা বোমা রেখেছিল, কারা বোমা বানিয়েছিল, পুলিশ তো বোমা পেয়েছে। বোমা বানানোর টাকা কারা দিয়েছিল, পুলিশের উপর কীভাবে হামলা করেছিল। এগুলো তদন্তে বেড়িয়ে আসবে।
“যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটাল হিলে হামলা করেছিল। সেটি যেমন শান্তিপূর্ণ সমাবেশ নয়, সেইটার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা গ্রহণ করেছে এবং করছে। মামলাও পরিচালিত হচ্ছে, এমনকি ডোনাল্ড ট্রাম্পকেও অভিযুক্ত করার প্রক্রিয়া চলছে এখানেও এই ধরনের সমাবেশের সাথে ৭ তারিখের ঘটনা তুলনীয় যে, এটাও শান্তিপূর্ণ সমাবেশ নয়।”
পুলিশের তৎপরতার বিষয়ে হাছান মাহমুদ বলেন, তাদের কোনো ভুল থাকলে সেটাও তদন্তে বেরিয়ে অসবে। সরকার শান্তিপূর্ণ সমাবেশ নিশ্চিত করেছে। এ জন্যই বিএনপি সারা দেশে নয়টি বড় সমাবেশ করতে পেরেছে।
“সরকার ঢাকায়ও বিএনপি যাতে শান্তিপূর্ণ সমাবেশ করতে পারে সে কারণে সোহরাওয়ার্দী উদ্যান দিয়েছিল, এছাড়া বিকল্প চারটি প্রস্তাব তাদের দেওয়া হয়েছিল শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য। শান্তিপূর্ণ সমাবেশ এই নয় যে পুলিশের উপর হামলা করা। পার্টি অফিসে বোমা রাখা, পুলিশের উপর ইট-পাটকেল মারা এবং সেটার প্রেক্ষিতে গাড়িতে আগুন দেওয়া, ভাঙচুর করা। এগুলো হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম।”
তথ্যমন্ত্রী বলেন, “গাড়ি পোড়ানোর লাইসেন্স দেওয়া কিংবা পুলিশের উপর বিনা উস্কানিতে হামলা পরিচালনা করা- এগুলো শান্তিপূর্ণ সমাবেশ নয়। অবশ্যই শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার সবার আছে।
“বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করতে চাইলে রাস্তা বন্ধ না করে, যেকোনো যায়গায় শান্তিপূর্ণ সমাবেশ করতে পারে, এর জন্য তাদেরকে সরকার সহযোগিতা করবে।”
ঢাকায় ১০ ডিসেম্বর শনিবার বিএনপির সমাবেশ ঘিরে কয়েকদিন ধরে উত্তেজনার মধ্যে দলটির কর্মীরা বুধবার নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। বিকালে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়।
পুলিশ পরে রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে আহতদের মধ্যে একজন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোয়াট সদস্যদেরও দেখা যায় সেখানে।
ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে নয়া পল্টন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেক সংঘর্ষের পর বিএনপির কার্যালয়ে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। ভেতরে বোমা পাওয়ার দাবি করেছিল পুলিশ। প্রায় পাঁচ ঘণ্টার অভিযানে কয়েকশ নেতা-কর্মীকে আটক করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে উদ্বেগ জানিয়ে আইনের শাসনকে সম্মান জানাতে এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানানো হয়।
এরই মধ্যে বৃহস্পতিবার ভোর রাতে উত্তরার বাসা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শাহজাহানপুরের বাসা থেকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করে পুলিশ। পরে পল্টন থানার একটি মামলায় শুক্রবার গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
তথ্যমন্ত্রী বলেন, “নয়া পল্টনে ঘটনা ঘটল পুলিশের উপর হামলা করা হল, কার্যালয়ের ভেতরে ১৫টি তাজা বোমা পাওয়া গেল। চট্রগ্রাম, ঢাকাসহ সারা দেশে যে গাড়িতে আগুন দেওয়া এবং ভাঙচুর…। এগুলোর হুকুমদাতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ও মির্জা আব্বাস। তাদের নেতৃত্বে এগুলো হয়েছে, সে কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।”
বিশৃঙ্খলা করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের উস্কে দিচ্ছে দাবি করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই সন্ত্রাসী কর্মকাণ্ড, বিশেষ করে নয়া পল্টনেই সমাবেশ করবে এটি তারেক রহমানের নির্দেশেই তারা করেছে।
“বিএনপির অনেক নেতারা শুরু থেকে রাজি ছিল। এমন কী বিএনপি নিজেরাই প্রস্তাব দিয়েছিল তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে। সোহরাওয়ার্দী উদ্যানে তারা সমাবেশ করতে চায়। প্রথম দুইটা বৈঠকে পুলিশ প্রশাসন নিজেরাই প্রস্তাব দিয়েছে। যখন দেওয়া হল তখন তারা বিগ্রে বসলো। সবই তারেক রহমানের নির্দেশে।“
