১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবরোধে ‘অন্তরালে’, মানববন্ধনে সামনে চট্টগ্রামের শাহাদাত

তিনি বলেন, “দেশ ও জাতিকে এই অপশক্তির হাত থেকে বাঁচাতে হলে দলমত নির্বিশেষে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধকে আরও শাণিত করতে হবে।”

অবরোধে ‘অন্তরালে’, মানববন্ধনে সামনে চট্টগ্রামের শাহাদাত

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে চট্টগ্রামে আয়োজিত মানববন্ধনে বিএনপির মহানগর শাখার আহ্বায়ক শাহাদাত হোসেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2023, 08:15 PM

Updated : 10 Dec 2023, 11:08 PM

হরতাল অবরোধে নিজেকে ‘গুটিয়ে রাখলেও’ বিএনপির মানববন্ধন কর্মসূচিতে প্রকাশ্যে দেখা গেল দলটির চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক শাহাদাত হোসেনকে।

রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বন্দরনগরীতে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে তিনি যোগ দিয়েছেন প্রধান অতিথি হয়ে।

মানববন্ধনটির আয়োজন করে বিএনপিপন্থি পেশাজীবীদের সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম শাখা।

শাহাদাত বলেন, “দেশের জনগণ, বিরোধী দল এবং আন্তর্জাতিক মহলের আহ্বান উপেক্ষা করে সরকার একতরফাভাবে ‘প্রহসনের নির্বাচন’ করার আত্মঘাতী খেলায় মেতে উঠেছে।

“আওয়ামী ‘লুটেরা চক্র’ এবং তাদের ‘দোসররা’ এখন এমপি হওয়ার জন্য জনগণের কাছে নয়, গণভবনের দিকে ছুটছেন। শেখ হাসিনার ‘একগুঁয়েমি’ দেখে মনে হচ্ছে, এইটা কোনো ইলেকশন নয়, বানরের পিঠা ভাগাভাগির সিলেকশন।”

সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ২৯ অক্টোবর থেকে বিএনপি ১০ দফায় ২১ দিন অবরোধ এবং তিন দফায় সারা দেশে চার দিন ও চট্টগ্রামে পাঁচ দিন হরতাল করেছে।

এসব কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন সারির নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও পিকেটিং করেছে। তবে একেবারে অন্তরালে ছিলেন শাহাদাত হোসেন।

বিএনপির মহানগর শাখার আহ্বায়ক বলেন, “আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেশকে ‘মাফিয়া রাষ্ট্রে’ পরিণত করেছে। গুটিকয় উচ্ছিষ্ট ও দল থেকে বিতাড়িত জনধিকৃতকে ভাগিয়ে নিয়ে ‘লোক ভাগাভাগির’ দলে পরিণত হয়েছে।

“তাই দেশ ও জাতিকে এই অপশক্তির হাত থেকে বাঁচাতে হলে দলমত নির্বিশেষে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধকে আরও শাণিত করতে হবে।”

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও কামরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি মো. শাহনওয়াজ, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি তমিজ উদ্দিন আহমেদ মানিক, ইঞ্জিনিয়ারদের সংগঠন এ্যাবের সভাপতি জানে আলম সেলিম।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ, যুগ্ম আহবায়ক আবদুস সাত্তারও।

আরও পড়ুন:

পুরানো খবর:

অবরোধে ফিরল বিএনপি, এবার ৩৬ ঘণ্টার

পুরানো খবর:

দুই কর্মদিবসে তিন রায়: এবার বিএনপির ২৫ জনের সাজা

পুরানো খবর:

দোকান বন্ধ রাখুন, বিয়ের পার্টিও ছোট করুন: বিএনপির মানববন্ধনে ডাক

পুরানো খবর:

‘টাকা জমা করছি, আল্লাহর কাছ থেকে বাবাকে কিনে আনব’