Published : 07 Jan 2026, 12:28 PM
রাষ্ট্রের জন্ম কখনো ঘটে রাজদরবারে, কখনো সংসদের ভোটে, আবার কখনো ঘটে যুদ্ধক্ষেত্রে— যেখানে মানুষের জীবনই হয়ে ওঠে শেষ দলিল। ইতিহাস সাক্ষ্য দেয়, স্বাধীনতা সব জাতির কাছে এক পথে আসেনি। কোথাও তা এসেছে আলোচনার টেবিলে, কোথাও এসেছে প্রশাসনিক ঘোষণায়, আবার কোথাও এসেছে রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে। এই বৈচিত্র্যময় ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি ব্যতিক্রমী অধ্যায়— কারণ এখানে স্বাধীনতা কোনো আইনগত অনুগ্রহ নয়, বরং একটি সুনির্দিষ্ট যুদ্ধে বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত সার্বভৌমত্ব।
বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতার ব্যতিক্রমী অবস্থান
The sun never sets on the British Empire. ‘ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না।’ কথাটি ব্রিটিশ সাম্রাজ্যের সর্বোচ্চ বিস্তৃতির সময়কাল, বিশেষভাবে ১৯শ শতাব্দীর মধ্যভাগ থেকে ২০শ শতাব্দীর প্রথমার্ধ (আনুমানিক ১৮৫০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত) পর্যন্ত প্রযোজ্য ছিল। এই সময়ে ব্রিটিশ উপনিবেশ ও প্রভাব বলয় এতটাই ব্যাপক ছিল যে, বিশ্বের ২৪টি সময় অঞ্চলের যে কোন এক সময়ে সর্বদা তার কোনো না কোনো অঞ্চলে দিনের আলো থাকত। বিশ্বের বহু দেশই ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়েছে তুলনামূলক শান্ত প্রক্রিয়ায়:
ঘানা: ব্রিটেনের সঙ্গে আলোচনার মাধ্যমে স্বাধীনতা (ঘানা ইনডিপেন্ডেন্স অ্যাক্ট ১৯৫৭)।
নাইজেরিয়া: প্রশাসনিক হস্তান্তর (নাইজেরিয়া ইনডিপেন্ডেন্স অ্যাক্ট ১৯৬০)।
শ্রীলঙ্কা: সলবুরি কমিশন ও সংসদীয় প্রক্রিয়ায় স্বাধীনতা (সিলন ইনডিপেন্ডেন্স অ্যাক্ট ১৯৪৮)।
বার্মা/মিয়ানমার: ব্রিটিশ প্রধানমন্ত্রী ও বার্মিজ নেতৃত্বের মধ্যে রাজনৈতিক সমঝোতা (অং সান-অ্যাটলি চুক্তি ১৯৪৭)
অন্যদিকে কিছু দেশ যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করলেও, সেগুলো ছিল প্রধানত ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে:
আলজেরিয়া (১৯৬২): ফ্রান্সের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ, পরিশেষে ইভিয়ান চুক্তি।
ভিয়েতনাম (১৯৫৪/১৯৭৫): ফরাসি ও পরে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে যুদ্ধ।
আবার ইথিওপিয়ার বিরুদ্ধে ৩০ বছর যুদ্ধ করে গণভোটের মাধ্যমে ইরিত্রিয়া স্বাধীন হয় (১৯৯৩) এবং দক্ষিণ সুদান দীর্ঘ গৃহযুদ্ধের পর নাইভাশা চুক্তি (২০০৫) এবং পরে গণভোটের মাধ্যমে স্বাধীনতা লাভ করে (২০১১)। গণভোটের মাধ্যমে স্বাধীনতা প্রত্যাখ্যানের নজিরও রয়েছে: কানাডার অঙ্গরাজ্য কুইবেক (১৯৮০ ও ১৯৯৫), যুক্তরাজ্যের স্কটল্যান্ড (২০১৪) ও নর্দার্ন আয়াল্যান্ড (১৯৭৩)।
যাহোক, যেসব দেশ স্বাধীন হয়েছে, সেগুলো চুক্তি, সাংবিধানিক আইন, রাজনৈতিক সমঝোতা ও গণভোটের মাধ্যমে স্বাধীন হয়েছে— যেখানে যুদ্ধজয়ী আত্মসমর্পণ বা সামরিক পরাজয় ছিল না; এ কারণেই এগুলো বাংলাদেশের ১৯৭১ সালের স্বাধীনতা অভিজ্ঞতা থেকে কাঠামোগতভাবে ভিন্ন। বাংলাদেশের স্বাধীনতার অনন্যতা এখানেই। এটি ছিল একটি উত্তর-ঔপনিবেশিক রাষ্ট্রের অভ্যন্তরে সংঘটিত স্বাধীনতা যুদ্ধ, যেখানে শাসক ও শাসিত একই ধর্মীয় পরিচয়ের হলেও ভাষা, সংস্কৃতি ও রাজনৈতিক অধিকারের প্রশ্নে দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয় এবং যুদ্ধের শেষে একটি নতুন রাষ্ট্র জন্ম নেয় আন্তর্জাতিক আইন ও বাস্তবতার সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে। এই প্রেক্ষাপট বাংলাদেশের মুক্তিযুদ্ধকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটি successful secession through armed struggle হিসেবে চিহ্নিত করে— যা সংখ্যায় খুবই সীমিত।
উপমহাদেশে ঔপনিবেশিক শাসনের অবসান: স্বাধীনতার রূপায়ন
উপমহাদেশের মানচিত্রে তিনটি রাষ্ট্রের জন্মই বিক্ষুব্ধ সময়ের সাক্ষী, কিন্তু তাদের স্বাধীনতা অর্জনের প্রকৃতি, পদ্ধতি ও প্রেক্ষাপটে রয়েছে গভীর ব্যবধান। ভারত ও পাকিস্তানের স্বাধীনতা ছিল রাজনৈতিক-আইনি স্থানান্তরের ফল।
১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ১০০ বছরের শাসনের অবসান ঘটে। ১৮৫৮ সালে ব্রিটিশ রাজশক্তি (the Crown) সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করে। প্রশাসনিকভাবে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের একটি সরাসরি কলোনি/রাজ্য (Crown Colony বা Imperial Possession) হয়ে ওঠে। আনুষ্ঠানিকভাবে এই অঞ্চলকে বলা হতো ‘ব্রিটিশ ইন্ডিয়া’ (এর সঙ্গে দেশীয় রাজ্যগুলো মিলিয়ে বলা হতো ‘ভারতীয় সাম্রাজ্য’)। এর শাসক হন ব্রিটিশ রাজা/রাণী, তার প্রধান প্রতিনিধি হিসেবে ভারতে নিযুক্ত হন একজন ব্রিটিশ ভাইসরয় (Viceroy)। তখন থেকে স্বাধীনতা লাভের পূর্ব পর্যন্ত ভারতের শাসনকাল পরিচিতি ছিল ‘ব্রিটিশ রাজ’ হিসেবে। এই ব্রিটিশ রাজের অবসান ঘটে ১৯৪৭ সালে এসে।
১৮ জুলাই, ১৯৪৭ ব্রিটিশ সংসদে ‘ভারতীয় স্বাধীনতা আইন’ (Indian Independence Act) পাশ হয়, যা একই দিনে রাজকীয় সম্মতি লাভ করে। কার্যকর হয় ১৫ই অগাস্ট, ১৯৪৭ (অধ্যায় ১, ধারা ১)। এ আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে ‘অধিরাজ্য’ (Dominion) হিসেবে ভারত ও পাকিস্তানকে স্বীকৃতি প্রদান করে। অর্থাৎ ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র জন্মলাভ করে। অধিরাজ্য হওয়ার অর্থ ব্রিটেনের রাজার আনুগত্য স্বীকার করে নেওয়া, তবে তা শুধু সাংবিধানিক অর্থেই। স্বাধীন দুই দেশেই সাংবিধানিক প্রধান হিসেবে থেকে যান ব্রিটেনের রাজা ষষ্ঠ জর্জ। শাসনক্ষমতা হস্তান্তরিত হয় দুই দেশের নেতৃবৃন্দের কাছে; তারা প্রশাসনিক বা নির্বাহী প্রধানের দায়িত্ব লাভ করেন। রাজা দুই দেশেই একজন করে ‘গভর্নর জেনারেল’ নিয়োগ প্রদান করেন, যাদের কার্যনির্বাহী ক্ষমতা প্রয়োগের সুযোগ ছিল না। ভারতে লর্ড মাউন্টব্যাটেন ভাইসরয় পদ থেকে সরে দাঁড়ান এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। পাকিস্তানে মোহাম্মদ আলী জিন্নাহ সরাসরি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন, অর্থাৎ স্বাধীন পাকিস্তানেও তিনি হন ব্রিটিশ রাজার প্রতিনিধি।
ভারতীয় স্বাধীনতা আইন কার্যকর হওয়ার তারিখ এক (১৫ অগাস্ট) হলেও, আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তরের কার্যক্রমটি ২৪ ঘণ্টা ধরে (১৪-১৫ অগাস্ট) ঘটে, যা দুটি আলাদা ‘স্বাধীনতা দিবস’ তৈরি করে। ১৪ অগাস্ট, ১৯৪৭ (রাত ১১:৫৯) করাচিতে পাকিস্তান গণপরিষদের বিশেষ অধিবেশনে ভাইসরয় মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তর করেন। নিজের আগ্রহে জিন্নাহ গভর্নর জেনারেল পদে শপথ গ্রহণ করেন। অপরদিকে ১৫ অগাস্ট, ১৯৪৭ মধ্যরাতে দিল্লিতে ভারতীয় ‘গণপরিষদে’র অধিবেশনে মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তর করেন এবং জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তার ঐতিহাসিক Tryst with Destiny ভাষণ প্রদান করেন। উভয় দেশের গণপরিষদই ১৯৪৬ সালে অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদ নির্বাচনে বিজয়ীদের মাধ্যমে গঠিত হয়েছিল।
পাকিস্তানে একদিন আগে ক্ষমতা হস্তান্তরের কারণ ছিল প্রথম স্বাধীন হওয়ার প্রতীকী দাবি; জিন্নাহ চেয়েছিলেন পাকিস্তানকে প্রথম স্বাধীন অধিরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করতে। আরেকটা অভিমত আছে যে. ইসলামিক পঞ্জিকা অনুযায়ী ২৭ রমজান (পবিত্র রাত লাইলাতুল কদর) পড়েছিল ১৪ অগাস্ট। আবার মাউন্টব্যাটেনের সময়সূচিও একটা ফ্যাক্টর ছিল; তিনি করাচিতে ১৪ অগাস্ট এবং দিল্লিতে ১৫ অগাস্ট উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। ১৫ অগাস্ট ছিল জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বার্ষিকী (১৯৪৫), যেখানে মাউন্টব্যাটেন ছিলেন দক্ষিণ-পূর্ব এশিয়ায় মিত্রবাহিনীর কমান্ডার।
ভারত বনাম পাকিস্তান: গভর্নর জেনারেল পদের ক্ষমতার তুলনা
স্বাধীন উভয় দেশই অধিরাজ্য হিসেবে যাত্রা শুরু করলেও গভর্নর জেনারেল পদের বাস্তব ক্ষমতায় মৌলিক পার্থক্য দেখা যায়। ভারতে রাষ্ট্রপ্রধান হিসেবে লর্ড মাউন্টব্যাটেন ও পরে রাজা গোপালাচারী গভর্নর জেনারেল পদে থাকলেও তাঁরা প্রধানত সাংবিধানিক ও আনুষ্ঠানিক ভূমিকায় সীমাবদ্ধ ছিলেন; প্রকৃত নির্বাহী ক্ষমতা ছিল নির্বাচিত মন্ত্রিসভা ও সরকার-প্রধান প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর হাতে। কোনো গভর্নর জেনারেলই সংসদ ভাঙা বা প্রধানমন্ত্রী বরখাস্ত করার ক্ষমতা প্রয়োগ করেননি। বিপরীতে পাকিস্তানে জিন্নাহ আমৃত্যু (১১ সেপ্টেম্বর ১৯৪৮) গভর্নর জেনারেল পদে থেকেই পাকিস্তান শাসন করেন। জিন্নাহর পর খাজা নাজিমুদ্দিন, মালিক গুলাম মুহাম্মদ ও ইস্কান্দার মির্জার সময়ে গভর্নর জেনারেল পদটি হয়ে ওঠে কার্যত সর্বময় নির্বাহী কেন্দ্র— যেখানে প্রধানমন্ত্রী বরখাস্ত, গণপরিষদ ভেঙে দেওয়া এবং সরকার গঠন নির্ধারণের মতো ক্ষমতা সরাসরি প্রয়োগ করা হয়। ফলে একই সাংবিধানিক কাঠামো থেকেও ভারত এগোয় সংসদীয় গণতন্ত্রে, পাকিস্তান ঢুকে পড়ে প্রশাসনিক-সামরিক-আমলাতান্ত্রিক কেন্দ্রীকরণে।
স্বাধীনতার পরও উপনিবেশিক সাংবিধানিক ছায়া
১৪ ও ১৫ অগাস্ট থেকে যথাক্রমে পাকিস্তান ও ভারতের প্রকৃত শাসনক্ষমতা সম্পূর্ণ স্বাধীন হলেও দুটি দেশই কয়েক বছর উপনিবেশিক সাংবিধানিক ছায়া বহন করেছে, পকিস্তান ১৯৫৬ পর্যন্ত আর ভারত ১৯৫০ পর্যন্ত। পাকিস্তানে ১৯৪৬ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্যদের মাধ্যমে গঠিত ‘গণপরিষদ’ (মাঝে সদস্য পরিবর্তন, মনোনয়ন ও পুনর্গঠন হলেও) ১৯৫৬ সাল পর্যন্ত টিকে থাকে এবং ওই বছর পকিস্তানের প্রথম সংবিধান গ্রহণ করে। ওই সংবিধানের মাধ্যমে রাজা ও গভর্নর জেনারেল পদ বিলুপ্ত করা হয়, প্রেসিডেন্ট পদ সৃজন করা হয় এবং পাকিস্তানকে ইসলামি প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। ২৩ মার্চ, ১৯৫৬ সংবিধান কার্যকর হয়, ফলে সেই থেকে দিনটি ‘পাকিস্তান দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। অপরদিকে, ভারতের সংবিধান প্রণয়নের লক্ষ্যে মোতিলাল নেহেরুর নেতৃত্বে গঠিত কমিটি ১৯২৮ সালে একটি রিপোর্ট পেশ করে; এই নেহেরু রিপোর্টই ছিল স্বাধীন ভারতের জন্য ভারতীয়দের নিজস্ব প্রস্তাবিত প্রথম পূর্ণাঙ্গ সংবিধান। ১৯৩১ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের ‘করাচি প্রস্তাব’ নেহেরু রিপোর্টের আদর্শকে আরও প্রগতিশীল করে তোলে। এই দুই দলিল ভবিষ্যৎ সংবিধানের আদর্শগত ভিত্তি তৈরি করে। গণপরিষদ দেশভাগের পর (১৯৪৭) ড. বি. আর. আম্বেদকরের নেতৃত্বে খসড়া প্রণয়ন কমিটির মাধ্যমে সংবিধানের চূড়ান্ত রূপ দেয়। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদ ভারতের সংবিধান গ্রহণ করে। এর মাধ্যমে ব্রিটিশ রাজার অধীন অধিরাজ্য কাঠামোর অবসান ঘটে; রাজার পদ বিলুপ্ত করা হয়, রাষ্ট্রপ্রধান হিসেবে প্রেসিডেন্ট পদ প্রবর্তিত হয় এবং ভারতকে একটি প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করা হয়। সংবিধান কার্যকর হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি; দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়।
ভারতীয় উপমহাদেশের রক্তাক্ত স্বাধীনতা সংগ্রাম
ব্রিটিশ সংসদে আইন পাশের মাধ্যমে স্বাধীনতা লাভ ভারতীয় উপমহাদেশের সংগ্রামের সুদীর্ঘ ও রক্তাক্ত ইতিহাসের ফলশ্রুতি ছাড়া সম্ভব ছিল না। ফরায়েজি আন্দেলন থেকে শুরু করে সিপাহী বিদ্রোহ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, মহাত্মা গান্ধীর দার্শনিক নেতৃত্বে অহিংস গণ-আন্দোলন, লবণ আইন ভঙ্গকারী লং মার্চ (ডান্ডি অভিযান), সত্যাগ্রহ আদর্শ, ভারত ছাড় (Quit India) আন্দোলন, বাংলায় স্বদেশী আন্দোলন, হাজী শরীয়তউল্লাহ, তিতুমীর, মঙ্গল পান্ডে, ক্ষুদিরাম বসু, সূর্য সেন, প্রীতিলতা সহ অসংখ্য স্বাধীনতাকামীর আত্মত্যাগ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ব্রিটিশ শাসনের ভিত্তি নাড়িয়ে দিয়েছিল। গান্ধীর নৈতিক বলয়ের বাইরেও বিপ্লবী পন্থা ও সশস্ত্র সংগ্রামের ধারা সমান্তরালে প্রবাহিত ছিল। একটি সংগঠিত যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের উদ্যোগ নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ১৯৪১ সালের ব্রিটিশ গৃহবন্দিদশা থেকে এক দুঃসাহসিক পলায়নের মাধ্যমে তার এই যাত্রার সূচনা হয়। জার্মানি পৌঁছে তিনি 'আজাদ হিন্দ রেডিও' চালু করেন এবং 'ইন্ডিয়ান লিজিয়ন' গঠনে সক্রিয় হন, ১৯৪৩ সালে জাপানি নৌ-সাবমেরিনে করে তার দক্ষিণ-পূর্ব এশিয়া যাত্রা নতুন অধ্যায়ের সূচনা করে। সিঙ্গাপুরে 'ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ'-এর দায়িত্ব নিয়ে তিনি একজন বিপ্লবী রাষ্ট্রনায়কের রূপ ধারণ করেন। ১৯৪৩ সালের ৪ঠা জুলাই তিনি 'আজাদ হিন্দ ফৌজ' (Indian National Army - INA)-এর পুনর্গঠন ও সর্বাধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন, যাতে ছিল ৪৫,০০০ সৈন্য। তার বাহিনী ১৯৪৪ সালে জাপানী সেনাবাহিনীর সঙ্গে মিত্রবাহিনীর বিরুদ্ধে ইম্ফল ও কোহিমার ঐতিহাসিক অভিযানে অংশ নেয়। কিন্তু ঘোরতর মৌসুমি বৃষ্টি, যোগাযোগ বিচ্ছিন্নতা, জাপানী সহায়তার অভাব ও ব্রিটিশ বিমানবাহিনীর আধিপত্যের কারণে এই অভিযান ব্যর্থ হয়। নেতাজি শেষ চেষ্টা হিসেবে সোভিয়েত ইউনিয়নের সাহায্য চাইতে মানচুরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। ১৮ অগাস্ট, ১৯৪৫ তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় তার রহস্যময় অন্তর্ধান এই বীরোচিত অধ্যায়ের করুণ সমাপ্তি টানে। যুদ্ধজয়ের মাধ্যমে স্বাধীনতা অর্জনের চেষ্টাটি ব্যর্থতায় পর্যবসিত হয়। শেষ পর্যন্ত সংসদীয় আইনি প্রক্রিয়ার সেই স্বাধীনতা অর্জিত হয়। এই বাস্তবতাই ঐতিহাসিকভাবে অতি গুরুত্বপূর্ণ ভারত ও পাকিস্তানের স্বাধীনতাকে কাঠামোগতভাবে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে ভিন্ন করে তোলে ।
বাংলাদেশ ১৯৭১: অধিরাজ্য নয়, যুদ্ধজয়ী রাষ্ট্র
১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্মের মধ্যেই তার ভাঙনের বীজ নিহিত ছিল। সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী থাকা সত্ত্বেও পূর্ব পাকিস্তান রাজনৈতিক ক্ষমতা, সামরিক নেতৃত্ব ও অর্থনৈতিক বণ্টনে ক্রমাগত বৈষম্যের শিকার হয়। ভাষা আন্দোলন (১৯৫২) এই বৈষম্যের বিরুদ্ধে প্রথম সংগঠিত প্রতিবাদ, যেখানে ভাষার প্রশ্নে মানুষ প্রাণ বিসর্জন দেয়। এই আত্মত্যাগ ছিল ভবিষ্যৎ মুক্তিযুদ্ধের নৈতিক ভিত্তি। এরপর ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সবকিছুই নির্দেশ করছিল একটি রাজনৈতিক সমাধানের দিকে। কিন্তু সেই সম্ভাবনাকে ধ্বংস করে ২৫ মার্চ ১৯৭১-এর পাকিস্তানি সামরিক অভিযান ‘অপারেশন সার্চ লাইট’। এই মুহূর্ত থেকেই বাংলাদেশের ইতিহাসে প্রবেশ করে এক নতুন অধ্যায়— যেখানে রাজনীতি শেষ হয়ে যুদ্ধ শুরু হয়।
মুক্তিযুদ্ধ একটি ঘোষিত, সংগঠিত ও বিজয়ী যুদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনন্যতা বোঝার জন্য কয়েকটি মৌলিক দিক বিবেচনা করা জরুরি:
১. ঘোষিত স্বাধীনতা: ২৬ মার্চ ১৯৭১—এই তারিখটি কেবল আবেগের নয়, এটি একটি রাজনৈতিক ঘোষণা। স্বাধীনতার ঘোষণা আন্তর্জাতিক আইনের ভাষায় একটি রাষ্ট্রের আত্মপ্রকাশের প্রথম ধাপ।
২. গণযুদ্ধ ও প্রতিরোধ: মুক্তিযুদ্ধ ছিল কেবল নিয়মিত বাহিনীর যুদ্ধ নয়। এটি ছিল— কৃষকের, শ্রমিকের, ছাত্রের, নারীর অংশগ্রহণে একটি সর্বজনীন প্রতিরোধ। বিশ্ব ইতিহাসে খুব কম যুদ্ধেই এত বিস্তৃত গণসম্পৃক্ততা দেখা যায়।
৩. প্রবাসী সরকার: নেতাজি সুভাষ বসু ১৯৪৩ সালের ২১ অক্টোবর সিঙ্গাপুরে 'আর্জি-হুকুমত-এ-আজাদ হিন্দ' (মুক্ত ভারতের অস্থায়ী সরকার) প্রতিষ্ঠা করেছিলেন, যা জাপান ও তার মিত্রশক্তিগুলোর স্বীকৃতি লাভ করেছিল। কিন্তু সেই সরকার স্বাধীনতা এনে দিতে পারেনি। মুক্তিযুদ্ধের শুরুতেই মুজিবনগরে (মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রাম) যে প্রবাসী সরকার গঠিত হয় তা ভারতের পূর্ণাঙ্গ কূটনৈতিক ও সামরিক সমর্থন পায়, বিশ্ব জনমত গঠন, শরণার্থী ব্যবস্থাপনা এবং মুক্তিবাহিনী সংগঠনে ভূমিকা রাখে। এই সরকারের গঠন ও কার্যক্রম মুক্তিযুদ্ধকে একটি সংগঠিত রাষ্ট্রযন্ত্রের নেতৃত্বাধীন করে দেয়, যা আন্তর্জাতিক আইনে বাংলাদেশের সংগ্রামকে স্বাধীনতা যুদ্ধের মর্যাদা এনে দিতে সহায়ক হয়। এই সরকারই স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার হিসেবে দায়িত্ব পালন করে।
৪. সামরিক বিজয়: ১৬ ডিসেম্বর ১৯৭১—পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ একটি স্পষ্ট সামরিক পরাজয়। এটি কোনো আলোচনার ফল নয়, কোনো আন্তর্জাতিক চুক্তির অনুষঙ্গ নয়— বরং যুদ্ধক্ষেত্রে পরাজয়ের স্বীকৃতি।
দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়
মুক্তিযুদ্ধে বিজয়লাভের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা সরাসরি জনগণের প্রতিনিধিত্বশীল সরকারের হাতে চলে আসে। তাই যেখানে ভারত ও পাকিস্তানকে স্বাধীনতার পরও ব্রিটেনের অধিরাজ্য হিসেবে কয়েক বছর ঔপনিবেশিক সাংবিধানিক ছায়াতলে থাকতে হয়েছে, বাংলাদেশ সেখানে শুরু থেকেই সম্পূর্ণ সার্বভৌম, যুদ্ধজয়ী প্রজাতন্ত্র হিসেবে যাত্রা করে। উপমহাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল একটি যুদ্ধের মাধ্যমে; ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের সামরিক বাহিনীর কাছে নবাব সিরাজুদ্দৌলার বাহিনী পরাজিত হওয়ার কারণে। ভারত ও পাকিস্তানে স্বাধীনতার সূর্য উদিত হওয়ার সময় কোনো নির্দিষ্ট যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ বাহিনীর পরাজয় ঘটেনি; দুটি রাষ্ট্র গঠনের চূড়ান্ত ধাপটি ছিল আইনসভাভিত্তিক। বাংলাদেশের স্বাধীনতাসূর্য উদিত হয়েছিল মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত হয়ে। প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আব্দুল লতিফের লেখা, সুর করা এবং গাওয়া এই গীতিকবিতা ওপরের শব্দমালার প্রতিধ্বনি—
দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়,
দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময়।