২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে ছুরিকাঘাতে স্কুল ছাত্রকে হত্যার অভিযোগ

হত্যায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2026, 01:47 AM

Updated : 11 Sep 2026, 03:22 PM

নোয়াখালীর সেনবাগে এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

এ অভিযোগে একজনকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার দেবিসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

নিহত স্কুল ছাত্রের নাম আরাফাত হোসেন ফাহিম (১৫)। সে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মো. শাহজাহান সাজুর ছেলে। সে পৌর হাজীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত। সেনবাগে নানা বাড়ি বেড়াতে গিয়েছিল ফাহিম।

নিহতের স্বজনদের বরাতে পুলিশ সুপার আবু তৈয়ব বলেন, ফাহিমের নানার বাড়ির উঠানে স্থানীয় হারুন মিয়াসহ কয়েকজন মাদক বিক্রি করত। বুধবার সন্ধ্যায় হারুন ও তার লোকজনকে ওই বাড়ির লোকজন ধাওয়া দেয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে হারুন, মমিন ও জাহাঙ্গীরের নেতৃত্বে ওই বাড়িতে হামলা হয়। সেখানে মারামারি মধ্যে ছুরিকাঘাতে ফাহিমের মৃত্যু হয়। 

ঘটনার পর হারুনকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ সুপার।