Published : 11 Jun 2026, 12:43 AM
দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা, ১৩টি সিটি করপোরেশনের নির্বাচন উপযোগী সব স্তরে বিভিন্ন পদে ভোটের প্রস্তুতির লক্ষ্যে আচরণবিধি হালনাগাদ করা হচ্ছে।
এরই অংশ হিসেবে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য আলাদা আচরণবিধির খসড়ার বিষয়ে মতামত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার স্থানীয় সরকার নির্বাচনের ৫ স্তরের আচরণবিধির খসড়া ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ৩০ জুনের মধ্যে নিবন্ধিত অর্ধশতাধিক রাজনৈতিক দলসহ নাগরিকদের এ বিষয়ে মতামত চেয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানের নির্বাচন নির্দলীয় হচ্ছে এবার।
আচরণবিধির খসড়া প্রসঙ্গে এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “জুনের মধ্যে সবার মতামত পাওয়ার পর আগামী মাসে মন্ত্রণালয়ের ভেটিং হয়ে বিধি চূড়ান্ত হবে। অগাস্টে তফসিল দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসির। কোন নির্বাচন কবে হবে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে সেপ্টেম্বর-অক্টোবরে ভোট শুরু হবে।”
স্থানীয় সরকার নির্বাচনে পোস্টার ব্যবহারের সুযোগ থাকছে না। ভোটের প্রচারে বেশ কিছু নতুন বিধি-নিষেধ যুক্ত করে আচরণবিধির খসড়া প্রকাশ করা হয়েছে।
ইসির উপসচিব হুমায়ুন কবির বলেন, “স্থানীয় সরকারের বিদ্যমান আইনের সঙ্গে সমন্বয় রেখে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ এবং জেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ এর খসড়া প্রণয়ন করা হয়েছে।
এসব খসড়া ইসির ওয়েবসাইট www.ecs.gov.bd এ প্রকাশ করা হয়েছে এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ই-মেইলেও পাঠানো হয়েছে।
এ বিষয়ে মতামত আগামী ৩০ জুনের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের ই-মেইল [email protected] অথবা ডাকযোগে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা-১২০৭ ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হয়েছে।
স্থানীয় নির্বাচনের কী কী বদলাতে চায় ইসি?
স্থানীয় নির্বাচনে সংসদ ভোটের সমান বরাদ্দ চায় ইসি
স্থানীয় নির্বাচন: অগাস্টে তফসিলের ভাবনা ইসির
আওয়ামী লীগ নেতারা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন? বাধা দেখছেন না তথ্য উপদেষ্টা