১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টির দিনে ত্বক ও চুলের যত্ন

মৌসুমের এই সময়ে চুল ও ত্বক এমনিতেই দুর্বল থাকে। তাই যত্নও দরকার সতর্কতা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2026, 04:48 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

সকালে ঝকঝকে রোদ, দুপুরে ভ্যাপসা গরম, আবার বিকেলে ঝুম বৃষ্টি— এমন অনিশ্চিত আবহাওয়া কিছু দিন ধরেই দেখা যাচ্ছে। এই সময়ে শরীরের পাশাপাশি সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে ত্বক ও চুল।

অতিরিক্ত ঘাম, ধুলাবালি, আর্দ্রতা আর বৃষ্টির পানি মিলিয়ে ত্বকে দেখা দিতে পারে ব্রণ, র‌্যাশ, অ্যালার্জি কিংবা শুষ্কতা।

অন্যদিকে চুল হয়ে যায় রুক্ষ, আঠালো বা অতিরিক্ত ঝরতে শুরু করে।

ত্বকের যত্নে

ত্বক পরিষ্কার

গরম ও আর্দ্র আবহাওয়ায় ত্বকে ঘাম ও ময়লা দ্রুত জমে। তাই দিনে অন্তত দুবার মৃদু ফেইসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা জরুরি। বাইরে থেকে ফিরে অবশ্যই মুখ ধুয়ে নিতে হবে।

সানস্ক্রিন ব্যবহার

আকাশ মেঘলা থাকলেও সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। তাই বাইরে বের হওয়ার ১৫–২০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।

দীর্ঘ সময় বাইরে থাকলে কয়েক ঘণ্টা পর আবার ব্যবহার করতে হবে।

হালকা ময়েশ্চারাইজার

অনেকে ভাবেন গরমে ময়েশ্চারাইজার দরকার নেই। তবে অতিরিক্ত রোদ ও বৃষ্টির আর্দ্রতায় ত্বকের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়।

তাই ত্বকের ধরন অনুযায়ী হালকা, নন-স্টিকি ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

ভেজা ত্বক দীর্ঘসময় না রাখা

বৃষ্টিতে ভিজলে দ্রুত শরীর ও মুখ শুকিয়ে নিতে হবে। ভেজা ত্বকে দীর্ঘসময় থাকলে ফাঙ্গাসের সংক্রমণ বা র‌্যাশের ঝুঁকি বাড়ে।

পর্যাপ্ত পানি

গরমে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়। ফলে ত্বক ক্লান্ত ও প্রাণহীন দেখাতে পারে। তাই দিনে পর্যাপ্ত পানি, ডাবের পানি বা ফলের রস পান করতে হবে। ব্যাগে বোতলে তা সঙ্গে রাখা যেতে পারে।

চুলের যত্ন

বৃষ্টির পানি লাগলে চুল ধুয়ে ফেলা

বৃষ্টির পানিতে ধুলাবালি ও দূষিত উপাদান থাকতে পারে, যা মাথার ত্বকে ক্ষতি করতে পারে। তাই বৃষ্টিতে ভিজলে বাসায় ফিরে পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে ফেলা জরুরি।

মাথার ত্বক পরিষ্কার

ঘাম ও আর্দ্রতার কারণে স্ক্যাল্প বা মাথার ত্বকে তেল জমে খুশকি বা চুলকানির সমস্যা হতে পারে। তাই নিয়মিত শ্যাম্পু করতে হবে। তবে অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করাও ঠিক নয়।

চুল শুকিয়ে বাঁধা

ভেজা চুল বেঁধে রাখলে চুল দুর্বল হয়ে ভাঙতে পারে। আর দুর্গন্ধও হতে পারে। তাই চুল পুরোপুরি শুকিয়ে তারপর বাঁধা যেতে পারে।

হিট স্টাইলিং কমানো

এই সময়ে চুল এমনিতেই দুর্বল থাকে। তাই হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার বা কার্লার কম ব্যবহার করাই ভালো।

এছাড়া ব্যাগে রাখা যেতে পারে ছোট কিছু জরুরি জিনিস। যেমন- ছোট তোয়ালে বা টিস্যু, ছাতা বা রেইনকোট, সানস্ক্রিন, চিরুনি, পানির বোতল।

কিছু ঘরোয়া যত্ন

এমন রোদ আর বৃষ্টির মিশ্র আবহাওয়াতে ত্বক সতেজ রাখতে ঘরোয়া কিছু ফেইসপ্যাক বেশ উপকারী হতে পারে।

সুগন্ধ দেবে প্রাকৃতিক টোনার

এসব টোনার ফ্রিজে রেখে কয়েকদিন ব্যবহার করা যায়।

পরামর্শ দিয়েছেন: বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের প্রধান ও রূপ-বিশারদ শারমিন কচি।

আরও পড়ুন

বৃষ্টি ভেজা দিনে হাত, পা ও ত্বকের যত্ন

বৈশাখের গরমে ত্বক ঠান্ডা রাখবে যেসব যত্ন

খুশকির চার রকম